জয় লাহা, দুর্গাপুর, ১৯ মে: অসুস্থতার ফাঁদ পেতে ব্যাঙ্কে উড়ো ফোন করে ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে সুকৌশলে টাকা হাতিয়ে নিল সাইবার দুষ্কৃতী চক্র। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুর বেনাচিতি বাজারে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে ব্যাবসায়ী মহলে। প্রশ্ন উঠেছে ব্যাঙ্ককর্মীদের দায়িত্বজ্ঞান নিয়ে। ঘটনার তদন্ত শুরু করেছে কমিশনারেট সাইবার পুলিশ।
ঘটনায় জানা গেছে, টাকা খোয়ানো ওই ব্যবসায়ীর দুর্গাপুর বেনাচিতি বাজারে অটোমোবাইল শোরুম রয়েছে। এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরচিত। শহরের একাধিক ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। ওই ব্যাবসায়ীর ম্যানেজার
অনুপরঞ্জন সরকার বলেন, “গতকাল অ্যাকাউন্ট মেলাতে গিয়ে দেখি রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে আমাদের অজান্তে ১ লক্ষ ৬৯ হাজার টাকা গায়েব। অন্য কারও অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। সেটা আমাদের অজান্তে। পরে ব্যাঙ্কে গিয়ে খোঁজ খবর নেওয়া হয়। তাতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, গত ৪ মে আমাদের নাম করে অসুস্থতার কারন দেখিয়ে ফোন করে এবং টাকা ট্রান্সফার করতে বলে।”
অনুপরঞ্জনবাবু বলেন, “আমাদের ফোনের সত্যতা যাচাই না করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ট্রান্সফার করে দেয় ওই টাকা। যদিও আমাদের চেকে সমস্ত পেমেন্ট হয়। তারপরও কিভাবে করল ব্যাঙ্ক বুঝতে পারছি না। আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি।” তিনি আরও বলেন, “কয়েকদিন আগে আরও একটি ব্যাঙ্কে এধরনের ফোন করে প্রায় ১২ লক্ষ টাকা ট্রান্সফার করতে বলে। কিন্তু ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষ আমাদের কাছে বিষয়টি জানাতেই আমরা ওই পেমেন্ট আটকে দিতে বলি।”
জানা গেছে, সাইবার দুষ্কৃতীরা সম্প্রতি নতুন করে প্রতারণার ফাঁদ তৈরী করেছে। সেটা আবার সরাসরি ব্যাঙ্ক ম্যানেজারকে প্রতিষ্ঠিত ব্যাবসায়ীর নাম করে অ্যাকাউন্ট থেকে সুকৌশলে টাকা ট্রান্সফার করা। যদিও এদিন দুর্গাপুর থানা ও আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানা অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দুর্গাপুরের বেনাচিতি শাখার তরফে চিফ ম্যানেজার জানিয়েছেন, ‘তদন্ত চলছে।’

