দুর্নীতিতে যুক্ত নেতা, মন্ত্রী ও আমলাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঁকুড়ার কালপাথরে সিপিএমের পদযাত্রা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ নভেম্বর: ফসলের লাভজনক দর, সবার হাতে কাজ, বাঁচার মতো মজুরি, মূল্যবৃদ্ধি রোধ, লুটের পঞ্চায়েত হটাও, ১০০ দিনের কাজ চালু, বকেয়া মজুরি অবিলম্বে প্রদান, গৃহহীণদের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে অবিলম্বে ইন্দিরা আবাসনের ঘর নির্মাণ, দুর্নীতিতে যুক্ত তৃণমূলের নেতা, মন্ত্রী ও আমলাদের অবিলম্বে শাস্তির দাবিতে আজ বাঁকুড়া ১নং ব্লকের কালপাথর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামগুলিতে সিপিএমের গণসংগঠন কৃষক সমিতি, ক্ষেতমজুর ফেডারেশন ও সিআইটিইউ’ এর আহ্বানে জাঠা মিছিল তথা পদযাত্রার আয়োজন করা হয়।

আজ সকাল ১০টায় কর্মসূচির সূচনা হয় কালপাথর মোড় থেকে ধূলাডি, জুমকানালি, কমলাগোড়া, কালপাথর, পাথরকাটা, শালুনি, গাংতোড়া, কুশতোড়া, সম্বলপাহাড়ি, মুনিয়াডি, বেলাডি, হেত্যাশোল, বড়ো চিংড়া, ছোট চিংড়া, বারবেদা, কাশীবেদা, পড়শন ও বেলিয়া-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা পরিক্রমা করে। পাশাপাশি গ্রামগুলির কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি পথসভা।পদযাত্রা চলাকালীন এক সহকর্মী লক্ষ্মীকান্ত মান্ডির আকস্মিক জীবনাবসানের খবর এসে পৌঁছলে পদযাত্রা সাময়িক স্থগিত রেখে পদযাত্রীরা সকলেই সমাবলপাহাড়ি গ্রামে তাঁর বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান। নেতৃত্ব তাঁর মরদেহ রক্ত পতাকা দিয়ে আচ্ছাদিত করে দেন।

এই পদযাত্রায় নেতৃত্ব দেন মনোরঞ্জন পাত্র, প্রতীপ মুখার্জি, বিনোদ বাস্কে, মোহন ধবল, উজ্জ্বল সরকার, সুনীল ঘোষ, ফটিক গোস্বামী, জাহিরুল বিবি, হাবিল খান প্রমুখ জেলা ও ব্লকের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *