বনগাঁয় রেশনের চালের মধ্যে রয়েছে প্লাস্টিকের চাল, চাঞ্চল্যকর অভিযোগ রেশন গ্রাহকদের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ নভেম্বর: রেশন দোকানের চালের মধ্যে রয়েছে প্লাস্টিকের চাল, এমনটাই অভিযোগ তুললেন রেশন গ্রাহকরা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মণিগ্রাম এলাকায় মধুসূদন রায়ের রেশন দোকানে।

অভিযোগ, রেশনের চালের মধ্যে প্লাস্টিক মেশানো। সেগুলির আকার চালের মতো। এক কথায় প্লাস্টিকের চাল বলে মনে করছেন গ্রামবাসীরা।

রেশন গ্রাহকদের অভিযোগ, এদিন তারা রেশন নিতে গেলে রেশন থেকে যে চাল তাদের দেওয়া হয় সেই চালের মধ্যে সাদা সাদা এক ধরনের চাল তারা দেখতে পান। চাল দেখে সন্দেহ হয় তাদের। স্থানীয়রা বলছেন তারা টিভির পর্দায় দেখেছেন প্লাস্টিকের চালের খবর, তাদের এই চাল দেখেও সন্দেহ হয় এটি সেই প্লাস্টিকের চাল নয় তো? গ্রামবাসীরা সাদা রংয়ের চাল গুলি আগুন দিয়ে পুড়িয়ে দেখেন প্লাস্টিকের মতন গলে গলে পড়ছে। এই বিষয়ে স্থানীয়রা ও রেশন গ্রাহকরা বলেন, চাল নিতে এসে চাল দেখে সন্দেহ হওয়ার পরেই চাল আগুনে দিতে দেখতে পাই প্লাস্টিকের মতন গলে যাচ্ছে। রেশন ডিলার কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গেছে, বনগাঁ মার্কেটিং থেকে তারা এই চাল নিয়ে এসেছে, এই সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই।

এই বিষয়ে রেশন ডিলার মধুসূদন রায় বলেন, আমরা শুনেছি গ্রাহকরা এরকম অভিযোগ করেছে। আমরাও মার্কেটিং থেকে যা চাল পেয়েছি সেই চালই সাধারণ গ্রাহকের দেওয়া হয়েছে।

ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শুকদেব শিকারি জানিয়েছেন, গ্রাহকদের অভিযোগ সত্যি হলে সংশ্লিষ্ট বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেশনের চালের মধ্যে প্লাস্টিকের চাল পাওয়ার অভিযোগ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই ঘটনার কটাক্ষ করে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল বলেন, ২০১১ সাল থেকে এ পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাস রচনা হয়েছে। শুধু প্লাস্টিক চাল কেন? প্লাস্টিক ডিম, প্লাস্টিক ডালও পাওয়া যাচ্ছে। এই সরকারের কাছ থেকে আর ভালো কিছু আশা করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *