পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন কেন্দ্র! মহারাষ্ট্র দিল্লিকে ছাপিয়ে বাংলায় পজিটিভিটি রেট সর্বোচ্চ

আমাদের ভারত, ১২ জানুয়ারি:ওমিক্রনের সংক্রমণ শুরু হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক বিধিনিষেধ জারি করেছিল কেন্দ্র। সব রকম ভাবে ভাইরাস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও দেশের সব রাজ্যেই নতুন করে করোনা সংক্রমণের দাপট শুরু হয়েছে। মৃতের সংখ্যা কম হলেও আক্রান্তের গ্রাফ নজিরবিহীন ভাবেই বাড়ছে। যেসব রাজ্য উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। বুধবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রের উদ্বেগের তালিকায় পশ্চিমবঙ্গের নাম উল্লেখ করে স্বাস্থ্যসচিব লভ আগারওয়াল। পজিটিভিটি রেট বাংলাতে সর্বোচ্চ।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানান পজিটিভিটি রেট যেসব রাজ্যে ঊর্ধ্বমুখী সেইসব রাজ্যগুলিকে উদ্বেগের তালিকায় রাখা হয়েছে। মহারাষ্ট্রের পজিটিভিটি রেট ২২.৩৯ শতাংশ। দিল্লির পজিটিভিটি রেট ২৩.১৮ %। সেখানে পশ্চিমবঙ্গের পজিটিভিটি রেট ৩২.১৮ শতাংশ। এরপর রয়েছে উত্তরপ্রদেশ । যেখানে পজিটিভিটি রেট ৮.৮ শতাংশ।

দেশজুড়ে করোনা পরিস্থিতি আবার ভয়ঙ্কর আকার নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব। বুধবার পর্যন্ত পাওয়া পরিসংখ্যান বলছে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ৫৫ হাজার ৩১৯। স্বাস্থ্য সচিব জানিয়েছেন যে তিনদিন কোন উপসর্গ না থাকলে সাত দিন পর আক্রান্তের পরীক্ষা করার কোন প্রয়োজন নেই। তিনি উল্লেখ করেছেন, ডেল্টার তুলনায় ওমিক্রনের সংক্রমনের ক্ষমতা অনেক বেশি। দক্ষিণ আফ্রিকা, কানাডা, ডেনমার্ক, ইউকে থেকে পাওয়া তথ্য দেখে এইমত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে তার দাবি বিভিন্ন তথ্য থেকে বোঝা যাচ্ছে করোনার এই নতুন ভেরিয়েন্টে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা অনেকটা কম। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৭২০ জন। একদিনে মৃত্যু হয়েছে ৪৪২জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *