দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনার থাবা, আক্রান্ত ৩২ জন 

জয় লাহা, দুর্গাপুর, ১১ জানুয়ারি: এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনার থাবা। চিকিৎসক নার্স সব মিলিয়ে প্রায় ৩২ জন আক্রান্ত। হাসপাতালের পরিষেবা এক প্রকার লাটে উঠেছে। আর তাতেই বিপাকে পড়েছে রোগীরা।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে কোভিড-১৯ তৃতীয় ঢেউ’য়ের দাপট শুরু হয়েছে। লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। সাধারণ মানুষের পাশাপাশি হাসপাতালের চিকিৎসক নার্স ও হাসপাতাল কর্মীরা আক্রান্ত হচ্ছেন। জানা গেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক, নার্সিং স্টাফ ও সাধারণ কর্মী মিলিয়ে ২৫০ জনের মতো রয়েছেন।

হাসপাতাল সুপার ধীমান মন্ডল জানান, “এখনও পর্যন্ত হাসপাতালের ৩২ জন স্টাফ আক্রান্ত হয়েছে। যার মধ্যে ১৭ জন নার্স ও ৪ জন চিকিৎসক রয়েছেন। আক্রান্তদের ছুটি দেওয়া হয়েছে। অন্যান্য চিকিৎসক ও
নার্সদের নিয়ে পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে।” এছাড়াও জানাগেছে, দুর্গাপুর মহকুমা হাসপাতালে কোভিড আক্রান্ত ৫ জন ভর্তি রয়েছে। আর এই পরিস্থিতিতে সাধারণ রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। পাশাপাশি সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদেরও।

কলকাতা ও সংলগ্ন জেলাগুলির পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। পিছিয়ে নেই পশ্চিম বর্ধমান জেলাও। শিল্পনগরীতে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে সম্প্রতি শহরের তিনটি ওয়ার্ডে প্রায় ১০টি এলাকা চিহ্নিত করে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে সেই এলাকায় বিধিনিষেধ আরোপ করেছে পুর প্রশাসন। পাশাপাশি শহরের দোকান পাট সন্ধ্যে ৬ টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর সুত্রে জানাগেছে, গত ১৫ দিনে জেলায় ৭৫৪৭ জনের নমুনা অ্যাক্টিভ রয়েছে। যদিও বেশীরভাগই হোম আইশোলেশনে রয়েছে। সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ১৩০ জন ভর্তি রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *