জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: আজ থেকে পশ্চিম মেদিনীপুর জেলাতেও শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সী স্কুল পড়ুয়াদের করোনার টিকাকরণ। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন।

জানাগেছে, পশ্চিম মেদিনীপুর জেলায় ১৫ থেকে ১৮ বছর বয়সীদের সংখ্যা প্রায় ২ লক্ষ ৫২ হাজার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আপাতত শুরুতে প্রত্যেক ব্লক এবং পুরসভা এলাকাতে একটি করে স্কুল টিকাকরণের জন্য বেছে নেওয়া হয়েছে। তবে ধীরে ধীরে সমস্ত স্কুলেই টিকাকরণের শিবির করা হবে বলে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের শুধুমাত্র কো-ভ্যাকসিন টিকা দেওয়া হবে। জেলায় যথেষ্ট যোগান রয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের দাবি। আজ মেদিনীপুর পুর এলাকার চিড়িমারসাই শ্রী শ্রী রাধামাধবজী হাইস্কুলে শিবির করে টিকাকরণের ব্যবস্থা করা হয়।

