বাকুঁড়া শহরে করোনার দাপট, একই এলাকায় আক্রান্ত ৬, কনটেনমেন্ট জোন ঘোষণা পুরসভার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৪ জানুয়ারি: বাকুঁড়ায় ক্রমশ বাড়ছে করোনা। শহরের একাধিক এলাকায় করোনা আক্রান্তের হদিশ মিলতেই নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে পুরসভা। শহরের কাঠজুড়িডাঙ্গা, শভঙ্কর সরণি সহ বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। পুর এলাকার ১১নং ওয়ার্ডের শুভঙ্কর সরণীতে একই পরিবারের তিনজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত এরকম দুটি বাড়ির খোঁজ মিলেছে। এই খবর পাওয়ার পরই পুরসভার পক্ষ থেকে বিশদ খোঁজ খবর করে ওই এলাকাটিকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে পুরসভার লোকজন এলাকায় বোর্ড ঝুলিয়ে দেয়।

বাকুঁড়া পুরসভার পৌরপ্রশাসক অলকা সেন মজুমদার বলেন, শহরের কিছু এলাকায় করোনা সংক্রমণ ধরা পড়েছে।শুভঙ্কর সরণীর দুটি বাড়িতে ছয় জন করোনায় আক্রান্ত হওয়ায় এলাকাটি কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

অপরদিকে জেলা জুড়ে করোনা আক্রান্তের খবর মিলছে। চিকিৎসার কারণে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালকে ফের করোনা হাসপাতালে পরিণত করা হয়েছে।করোনার প্রকোপ কমে যাওয়ায় ওন্দা সুপার স্পেশালিটি
হাসপাতালে করোনা চিকিৎসার পরিবর্তে ফের সমস্ত রকম চিকিৎসা শুরু হয় এবং হাসপাতালের আন্তঃ বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা শুরু হয়। ফের করোনার প্রকোপ বৃদ্ধি পেতেই হাসপাতালটিকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয় এবং হাসপাতালে ভর্তি রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *