আমদের ভারত, আলিপুরদুয়ার, ৫ জানুয়ারি: ছন্দে ফেরার আগেই ছন্দ পতন। করোনার চোখ রাঙানি পাহাড় ডুয়ার্সের পর্যটন শিল্পকে ফের পিছিয়ে দিল কয়েক যোজন দূরে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই পর্যটকরা ভিড় জমিয়েছিল পাহাড় এবং ডুয়ার্সে। আশার আলো দেখেছিল পর্যটন শিল্পের সাথে জড়িত মানুষজন। নতুন করে করোনা সংক্রমন বেড়ে যাওয়ার দরুন রাজ্যে জারি হয়েছে করোনা সংক্রান্ত নানান বিধিনিষেধ। আর এই বিধিনিষেধের কোপে পড়েছে বাংলার পর্যটনে।
রাজ্যের যে বিধিনিষেধ জারি হয়েছে সেখানে পর্যটনস্থল, জাতীয় উদ্যান, চিড়িয়াখানা, বিনোদন পার্ক বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই নিষেধাজ্ঞায় বিভ্রান্তি ছড়িয়েছে পর্যটনে। একই সঙ্গে বিভ্রান্ত পর্যটকেরাও।

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই পাহাড় ডুয়ার্সে এবছর পর্যটকের ঢল নেমেছে। করোনার কারণে টানা দেড় বছরের খরা কাটিয়ে দু’পয়সা লাভের মুখ দেখেছিলেন পর্যটন ব্যবসার সাথে যুক্ত মানুষজন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে পর্যটন ব্যবসায়ীদের।বক্সা-জয়ন্তিতে পর্যটকদের প্রবেশ বন্ধ।গরুমারা, জলদাপাড়া, রাজাভাতখাওয়ায় পর্যটন কেন্দ্রে অনেক পর্যটক এসে ভিড় জমিয়েছিলেন জঙ্গল সাফারির উদ্দেশ্যে।সেখানের রিসোর্ট, হোম স্টেগুলো ভরে ছিল পর্যটকে। ব্যবসায়ীরাও আশার আলো দেখেছিল।কিন্তু করোনা কাঁটায় ফের বিপর্যস্ত পর্যটন শিল্প।কড়াকড়িতে পর্যটকদের ট্যুর বাতিল করে ফিরে চলে যেতে হচ্ছে। জয়ন্তিতে প্রবেশের জন্য বন্ধ করে রাখা হয়েছে টিকিট কাউন্টার। নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে।

