সাথী দাস, পুরুলিয়া, ১৯ এপ্রিল: দ্বিতীয় পর্যায়ে করোনার থাবা জোরালো হচ্ছে পুরুলিয়ায়। দ্রুত হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় উদ্বিগ্ন জেলা প্রশাসন। কপালে ভাঁজ আরও স্পষ্ট হচ্ছে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা বাড়ায়। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার পর্যন্ত মোট ৯১৭৬ জন আক্রান্ত হয়েছেন। যদিও ৭৮৫৪ জন করোনা মুক্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সক্রিয় রয়েছেন ১২৬৯ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের। জেলার ২০টি ব্লক ও ৩টি পুরসভার মধ্যে পুরুলিয়া শহরে দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যে উঠে আসছে।

২৭ মার্চ রাজ্যের প্রথম দফায় এই জেলায় সব কটি বিধান সভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়। তারপর থেকেই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মাস্ক পরে বাড়ির বাইরে বেরোনোর প্রবণতা কমে যাওয়া, ঠিক মতো স্যানিটাইজার ব্যবহার না করা, সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণেও আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে মনে করছে প্রশাসনিক মহল। তাই, কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য প্রশাসনিক স্তর থেকে অভিযান ও কর্মসূচি হচ্ছে জেলাজুড়ে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও জন সচেতনতামূলক কর্মসূচি হচ্ছে।

