জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: কেশিয়াড়ির খাজরা শতীশচন্দ্র মেমোরিয়াল হাইস্কুলে চলা দুয়ারে সরকার শিবিরে ফর্ম ফিলাপ করতে দেখা গেল আমগড়িয়ার বিজেপি বুথ সভাপতি কালাচাঁদ মাহালাকে। সঙ্গে ছিল কয়েকজন কর্মী সমর্থক। দেখা যায়, বেঞ্চে বসে কর্মী সমর্থকদের নিয়ে ক্যাম্পে আসা মানুষজনকে তিনি নানাভাবে সহযোগিতা করেছেন। ক্যাম্পে বসে এলাকার মানুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু, খাদ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের ফর্ম পূরণ করেছেন তিনি। বিজেপির বুথ সভাপতি কালাচাঁদ বাবু জানিয়েছেন, জনগণের পাশে থেকে সহযোগিতা করা এবং সঠিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ। তিনি বলেন, আমাদের দল বিরোধিতা করলেও, আমি চাই এলাকার মানুষ সরকারি সুবিধা পাক।

বিজেপির বুথ সভাপতির এই সহযোগিতা প্রসঙ্গে এলাকার তৃণমূল নেতা কালাচাঁদ সানকি জানান, বিজেপি আমাদের বিরোধী দল, রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির যতই তারা বিরোধিতা করুক না কেন প্রকল্পগুলি গ্রহণযোগ্য। বিজেপির নীচতলার কর্মীরা মনে প্রাণে প্রকল্পগুলি চান এবং তারা উপকৃতও হচ্ছেন প্রকল্পগুলো থেকে। সেজন্যই এদিন মানুষকে সহযোগিতা করতে বিজেপির বুথ সভাপতির এই উদ্যোগ।

