জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: শনিবার সিপিএমের পলিটব্যুরো নেতা সূর্যকান্ত মিশ্র পশ্চিম মেদিনীপুর জেলা দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলবের বিষয়ে তিনি বলেন, তদন্তকারী সংস্থা যাকে ইচ্ছে ডাকতে পারে কিন্তু বেছে বেছে ডাকার বিষয়টি একেবারেই ঠিক নয়। নারোদা সারদায় অভিযুক্ত যারা এখন বিজেপিতে চলে গেছে তাদেরও ডাকতে হবে। কাউকে ছাড়া চলবে না। মুখ্যমন্ত্রী হলেও ডাকতে হবে। তিনি বলেন, “আমরা তো বারবার বলে এসেছি চিটফান্ডের টাকার বিষয়ে তদন্ত হোক। দোষীরা শাস্তি পাক এবং সাধারণ মানুষ তার প্রাপ্য টাকা ফিরে পাক”।
একুশে বিধানসভা নির্বাচনের আগে থেকেই রাজ্যে দলবদলের হিড়িক লক্ষ্য করা গেছে। একই ধারা অব্যাহত রয়েছে নির্বাচনের পরও। এ বিষয়ে সূর্যকান্ত মিশ্র সরাসরি বলেন, “সাধারণ মানুষ লোকসভা নির্বাচনের সময় মনে করেছিল তৃণমূলকে আটকাতে হলে বিজেপিকে ভোট দিতে হবে। কিন্তু বিধানসভা নির্বাচনের সময় মনে করেছিলেন বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দিতে হবে। আমাদের উপর বিশ্বাস করতে পারেনি বলেই তারা তৃণমূলে আস্থা রেখেছিলেন”। তিনি বলেন, “সংখ্যালঘুরা কোথায় যাবে? তারা কি বিজেপিকে ভোট দেবে? যাদের উপর আক্রমণ সারা দেশজুড়ে। ধর্মীয় মেরুকরণ সারাদেশ সহ পৃথিবীজুড়ে হচ্ছে আর আমাদের এখানেও হচ্ছে”।তিনি পরোক্ষে স্বীকার করেন একুশের সাধারণ নির্বাচনে সংখ্যালঘু ভোট একটা বিরাট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে ছিল। যা কাজে লাগিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে।

