পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: সাধারণ মানুষের স্বাস্থ্য, সুরক্ষা ও সচেতনতার লক্ষ্যে মেদিনীপুর শহরের ১০ নম্বর ওয়ার্ড কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য ও হার্ট পরীক্ষা শিবির। বুধবার আয়োজিত এই শিবিরকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যায়। আয়োজকদের দাবি, দিনভর চলা এই স্বাস্থ্য শিবিরে প্রায় ৩০০ জন ওয়ার্ডবাসী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবার সুযোগ নেন।

প্রদীপ প্রজ্বলন এবং তুলসী গাছে জল সিঞ্চনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর শুরু হয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা। শিবিরে আসা সাধারণ মানুষের বিভিন্ন শারীরিক সমস্যা পরীক্ষা- নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় হৃদ্যন্ত্রের স্বাস্থ্য পরীক্ষায়। হার্ট সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষার সুযোগ থাকায় শিবিরে বহু মানুষ অংশগ্রহণ করেন।
শিবিরে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর ইচ্ছা থাকলেও আর্থিক সামর্থ্যের কারণে অনেক সময় তা সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে বিনামূল্যে এই ধরনের স্বাস্থ্য শিবিরের উদ্যোগ সাধারণ মানুষের জন্য যথেষ্ট উপকারী। আয়োজকদের পক্ষ থেকেও জানানো হয়, আর্থিকভাবে পিছিয়ে থাকা ও সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিবিরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থেকেই এই ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে বলে মনে করেন তাঁরা।
জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জীব সিট বলেন, “কংগ্রেস সরকারে নাও থাকতে পারে, কিন্তু মানুষের বিপদে- আপদে কংগ্রেস সবসময় মানুষের পাশে রয়েছে— এই বার্তাই আমরা দিতে চাই। মানুষের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, আগামী দিনে এই ধরনের স্বাস্থ্য শিবিরের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। শুধু হার্ট বা সাধারণ স্বাস্থ্য পরীক্ষা নয়, ভবিষ্যতে চক্ষু পরীক্ষা- সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এলাকার মানুষ যাতে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হতে পারেন এবং প্রাথমিক পর্যায়েই বিভিন্ন শারীরিক সমস্যার সন্ধান পেয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আয়োজকদের বক্তব্য, স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়া এবং বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ১০ নম্বর ওয়ার্ডের এই কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি গ্রহণে উৎসাহ জোগাবে বলেও মনে করছেন উদ্যোক্তারা।

