আমাদের ভারত, ৩ সেপ্টেম্বর: এবার প্রকাশ্যেই তালিবানদের সমর্থন জানিয়ে বিতর্ক জড়ালেন কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি। শুধু তাই নয়, জেহাদিদের রীতিমতো বিপ্লবীর তকমা দিয়েছেন ঝাড়খণ্ডের এই রাজনীতিবিদ।
শুক্রবারে আফগানিস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঝাড়খণ্ডের প্রাক্তন কংগ্রেস প্রধান আনসারি বলেন, আফগানিস্থানে অত্যাচার চালাচ্ছিল মার্কিন সেনা। সেখানে মা, বোন ও শিশুদের তারা হেনস্থা করত। এসবের বিরুদ্ধে লড়াই চলছিল। তালিবান ও আফগানিস্থানের মানুষ এখন খুশি। তালিবানদের রীতিমতো বিপ্লবী আখ্যা দিয়ে, আমেরিকা ও ব্রিটেনের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। কংগ্রেসের এই বিধায়কের কথায় ব্রিটিশ ও আমেরিকার সেনা যেখানেই যায় সেখানেই আম জনতার ওপর অত্যাচার চালায়। এবার আফগানিস্থানে শান্তি ফিরবে কারণ মার্কিন সৈন্য চলে গিয়েছে আর ব্রিটিশদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তবে আফগানিস্থা ও পাকিস্তানে যা হচ্ছে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
#WATCH | American forces are committing atrocities in Afghanistan. They harass mothers, sisters & children. The fight is against it. Taliban & the people of Afghanistan are happy: Congress MLA Irfan Ansari in Ranchi, Jharkhand pic.twitter.com/bgNGksFMXU
— ANI (@ANI) September 3, 2021
এদিকে কংগ্রেস বিধায়কের এই মন্তব্যে বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। তাদের অভিযোগ, আনসারির মন্তব্য আসলে কংগ্রেসের তালিবানি মানসিকতার পরিচয়। ঝাড়খন্ড বিধানসভায় বিজেপির চিফ হুইপ বিরিঞ্চি নারায়ণ বলেন, “আনসারি এমন কথা বলছেন কারণ কংগ্রেসের মানসিকতা তালিবানি। তিনি এমন একটি সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন করছেন যারা মহিলা ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের জন্য পরিচিত। তাদের ভয় মহিলারা আফগানিস্থান ছেড়ে পালাচ্ছে। আনসারি কি চাইছেন যে ভারতেও এমনটাই হোক?”
আফগানি মেয়েরা তালিবানি শাসন আগেও দেখেছে। তাই জঙ্গিগোষ্ঠীর আশ্বাস দেওয়ার পরেও তারা আতঙ্কিত। ১৯৯৬ থেকে ২০০১ এ পাঁচ বছরে তারা মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। কলেজ বিশ্ববিদ্যালয় যাওয়া তাদের বন্ধ ছিল। বন্ধ ছিল মেয়েদের কর্মজীবনও। কিন্তু দু’দশক ধরে ছবিটা পাল্টে যায়। বাইরের জীবনে অভ্যস্ত হয়ে উঠেছেন আফগান মেয়েরা। ফলে সেখানে আবার তালিবানি শাসন কায়েম হতেই তারা আতঙ্কিত যে তাদের আবার আদিম যুগে ফিরে যেতে হচ্ছে।

