Congress, Nakashipara, নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলে খু*ন, পঞ্চায়েত প্রধানের স্ত্রী- সহ গ্রেপ্তার ২

আমাদের ভারত, নদিয়া, ১৭ আগস্ট: স্বাধীনতা দিবসের রাতেই নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুলি চালানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনায় হরনগর পঞ্চায়েতের প্রধান জুব্বার শেখ- সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে সূত্রের খবর।

অভিযোগ, শনিবার আনুমানিক রাত ৯টা নাগাদ আনিসুর রহমান তাঁর ছেলে আবু সুফিয়ানকে স্টেশন থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় নাগাদি রেল আন্ডারপাস সংলগ্ন এলাকায় একটি কালো স্করপিও গাড়ি তাঁদের পথ আটকায়। এরপর গাড়ি থেকে নামিয়ে দু’জনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে অভিযোগ। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও তাঁদের উপর হামলা চালানো হয়। ঘটনাস্থলেই দু’জন লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। রবিবার সকালে মৃতদেহ দু’টি কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।

তবে পরিবারের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে ফরেন্সিক পরীক্ষা ও ময়নাতদন্ত একই হাসপাতালে করা হোক। সেই দাবির ভিত্তিতে কল্যাণীর জেএনএম হাসপাতালে ফরেন্সিক পরীক্ষা ও ময়নাতদন্তের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান কংগ্রেসের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার কার্যকরী সভাপতি পার্থ মুখার্জি।

এদিকে, সূত্রের খবর, খুনের ঘটনায় হরনগর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান জুব্বার শেখ- সহ একাধিক ব্যক্তির নামে অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই জুব্বার শেখের স্ত্রী ফতেমা বিবি এবং তাঁর ঘনিষ্ঠ সাহেব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
ঘটনাকে কেন্দ্র করে নাকাশিপাড়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। খুনের নেপথ্যে কী কারণ, কারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত এবং হামলায় ব্যবহৃত অস্ত্র ও গাড়ির হদিশ কীভাবে মিলবে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *