“কংগ্রেস একমাত্র দল যারা গণতন্ত্রে বিশ্বাসী, ভয় দেখিয়ে ভোট নেয় না”, বললেন দীপা দাশমুন্সি

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ ফেব্রুয়ারি: আসন্ন পুরসভা নির্বাচনে মানুষ নিজের ভোট দিতে পারবেন কি না তা নিয়ে সংশয় প্রকাশ করলেন কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি। সোমবার উত্তর দিনাজপুরের ইসলামপুর ও ডালখোলা পুর নির্বাচনের প্রচারে এসে সাংবাদিকদের দীপাদেবী বলেন, “অতীতে কয়েকটি নির্বাচন দেখেছি যেখানে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। ভোট লুট হয়েছে। কংগ্রেস একমাত্র দল যারা ভয় দেখিয়ে ভোট নেয় না। এদিন ইসলামপুর ও ডালখোলা পুরসভার দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করেন ওয়ার্ডে ওয়ার্ডে।

দীপা দাশমুন্সি এদিন আরো বলেন, পশ্চিমবঙ্গের ভোটে সাধারণ মানুষের সাড়ার কোনো ব্যাপার নেই। ভোটই তো মানুষ দিতে পারেন না৷ ইসলামপুর, ডালখোলার মানুষ ভয়ে সন্তস্ত্র হয়ে রয়েছে৷ সবাই প্রশ্ন করছে এটাই যে, ভোটটা দিতে পার তো? অতীতের কয়েকটি ভোটে আমরা দেখেছি প্রচণ্ড সন্ত্রাস হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো, এবারেও ভোটে যারা প্রার্থী হতে চেয়েছেন তাদের মনোনয়ন পেশে বাধা দেওয়া হয়েছে। যারা মনোনয়ন জমা দিয়েছিলেন তাদের জোর করে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছেম এরকম বহু ঘটনা রয়েছে।”

এদিন দীপা দেবী আরো বলেন, “কংগ্রেস একমাত্র দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে। কংগ্রেস ভয় দেখিয়ে ভোট নেয় না। শান্তির বাণী সবসময় প্রচার করি৷ যে ৫ রাজ্যে ভোট হচ্ছে সেখানেও আমরা শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন করেছি। আমাদের নেতা কর্মীদের ভয় দেখানো হয়েছে বলে অনেক জায়গায় প্রার্থী দিতে পারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *