আমাদের ভারত, নদিয়া, ৯ ফেব্রুয়ারি: পুরনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশকে ঘিরে এবার বিভ্রান্তি ছড়ালো নদিয়ার বীরনগরে। গতকাল রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে বীরনগরের অন্যান্য তৃণমূল প্রার্থীর সাথে মনোনয়নপত্র জমা দিতে আসেন বীরনগর ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী চন্দন দে। তিনি যখন মনোনয়নপত্র দাখিল করতে যাবেন তখনই উপস্থিত তৃণমূল নেতৃত্ব জানায়, টিকিট তাঁর নামে নয় গোবিন্দ পোদ্দারের নামে এসেছে।চন্দনবাবু যেন মনোনয়ন পত্র পেশ করা থেকে বিরত থাকে।

প্রসঙ্গত, গোবিন্দ পোদ্দার বীরনগর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান।বীরনগরে তৃণমূলের প্রথম যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় তাতে নাম ছিল না গোবিন্দ পোদ্দারের। এরপরই রাজ্য নেতৃত্বের কাছ থেকে দ্রুত ত্রুটি শুধরে নেওয়ার জন্য নির্দেশ আসে জেলা তৃণমূল নেতৃত্বের কাছে।এরপর বীরনগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের টিকিট পায় গোবিন্দ পোদ্দার। বুধবার রানাঘাটের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র পেশ করেন গোবিন্দবাবু। বীরনগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গোবিন্দ পোদ্দারের পাশেই এদিন উপস্থিত ছিলেন চন্দন দে।
প্রসঙ্গত, চন্দন দে গোবিন্দ পোদ্দারের অনুগামী বলে পরিচিত। মনোনয়নপত্র জমা দিতে এসে শেষ মুহূর্তে এরকম প্রার্থী বদলের ঘটনা বিরল। তবে যাই ঘটুক না কেন, জেতার বিষয়ে আশাবাদী বীরনগরের হেভিওয়েট তৃণমূল প্রার্থী গোবিন্দ পোদ্দার। আর যিনি দলীয় টিকিটে মনোনয়ন পত্র পেশ করতে পারলেন না সেই চন্দন দে জানান, তিনি দাদার(গোবিন্দ পোদ্দার) সঙ্গেই আছেন।আর বীরনগরে সবকটি আসনেই জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস।

