আমাদের ভারত, নদিয়া, ৯ ফেব্রুয়ারি: ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতা গ্রেপ্তার। সূত্রের খবর ১০ বছরের ছাত্রীকে গৃহশিক্ষক সুধাংশু সমাজদার ধর্ষণ করে, এমনটাই দাবি পরিবারের। ঘটনাটি নদিয়ার ধানতলা থানার শিবপুর এলাকার।

সুধাংশু সমাজদার এলাকার পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য। তিনি বাড়িতে টিউশন পড়াতেন। অভিযোগ, ওই বালিকা ছাত্রীর মা টিউশানের টাকা দিতে এসে দেখেন খালি বাড়িতে তালাবদ্ধ অবস্থায় তার মেয়ে এবং শিক্ষক ঘরের ভেতরে। এরপরে ওই ছাত্রী তার মাকে জানায় শিক্ষক সুধাংশু সমাজদার তার সাথে জোর পূর্বক নিষ্ঠুর আচরণ করতো। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দিত। ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে প্রতিবেশীরা। অভিযোগ করা হয় ধানতলা থানায়। পালিয়ে যায় আসামী। প্রতিবেশীদের দীর্ঘ ক্ষোভ বিক্ষোভ, পথ অবরোধের প্রতিবাদের জেরে অবশেষে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।

জানাগেছে, গত দিন ধানতলা থানা এলাকার আরংঘাটা থেকে অভিযুক্ত শিক্ষক তথা বিজেপি নেতা সুধাংশু সমাজদারকে ধানতলা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে আজ তাকে রানাঘাট আদালতে তোলে। পকসো আইনে অভিযুক্তের বিচার হবে।

