পূর্ব মেদিনীপুরে বিভিন্ন এলাকায় সংঘর্ষ অব্যাহত, বাড়ি ভাঙ্গচুর, পার্টি অফিসে আগুন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ মে : পূর্ব মেদিনীপুর জেলায় ভোট-পরবর্তী হিংসা চলছেই। বিজেপি কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙ্গচুর, আহত হয়েছেন অনেকে। নন্দীগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

বিধানসভা ভোটে রাজ্যে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। পূর্ব মেদিনীপুর জেলাতেও তৃণমূল কংগ্রেস নটি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে। নন্দীগ্রাম সহ বিজেপি সাতটি বিধানসভায় জয়লাভ করলে করেছে।
গণনা শেষ হওয়ার পর থেকেই নন্দীগ্রাম, খেজুরি ভগবানপুর, পটাশপুর সহ পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ঘরবাড়ি ভাঙ্গচুর সহ বেশকিছু বিজেপি পার্টি অফিস দখল করেছে বলে বিজেপির অভিযোগ।

কাল থেকেই নন্দীগ্রামের বাজার এলাকা সহ বিভিন্ন এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙ্গচুর করেছে। নন্দীগ্রামের থানা রোডের উপরে থাকা বিজেপির পার্টি অফিস ভাঙ্গচুর করে আগুন লাগিয়েছে বলে অভিযোগ বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির অভিযোগ নন্দীগ্রামের সবকিছু থানা এলাকার সামনে হওয়া সত্বেও পুলিশ নির্বিকার ও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। নন্দীগ্রাম বাজারে বেছে বেছে বেছে হিন্দু ব্যবসায়ীদের দোকানপাট জোর করে বন্ধ করে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ বিজেপির। এমনকি হিন্দু টোটো চালকদের ওপরে অত্যাচার হয়েছে বলে বিজেপির অভিযোগ। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ভগবানপুরেও তৃণমূল-বিজেপি সংঘর্ষ লেগেই আছে। দুপক্ষের সংঘর্ষে এখনো পর্যন্ত আহত সাতজন।
চন্ডিপুর বিধানসভার মহম্মদপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার ইলাশপুর বাজারে আজ তৃণমূল ও বিজেপির সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে আহত দুই পক্ষের সাত জন। বিজেপির দলীয় কার্যালয় ও বেশকিছু বিজেপি কর্মী-সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটে আজ সকালে। ঘটনার সময় বিজেপি কর্মী-সমর্থকরাও পাল্টা আক্রমণ করে বসে তৃণমূল কর্মী সমর্থকদের। ঘটনায় দুপক্ষের জখম হয়েছেন অন্তত সাত জন। ভগবানপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভগবানপুর থানার পুলিশ সংঘর্ষস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গতকাল থেকেই ভগবানপুর এর বিভিন্ন এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘর্ষের ফলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *