আমাদের ভারত, হলদিয়া, ৩ মে: গতকাল ভোট গণনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়ার খবর প্রকাশ পাওয়ার পর থেকে হলদিয়া গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের অবস্থান-বিক্ষোভ। রাস্তার উপরে বসে থেকে কয়েকশো তৃণমূল কর্মী বিক্ষোভ দেখাতে থাকে গতকাল রাত থেকে। সেই বিক্ষোভ এখনও চলছে। বিক্ষোভকারী তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি রিকাউন্টিং করতে হবে। বিক্ষোভকারীরা রাস্তার ওপরে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। গতকাল রাতেই বিশাল পুলিশবাহিনী গিয়েও বিক্ষোভকারীদেরকে সরাতে পারেনি বিক্ষোভকারী তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতারা তাদের দাবিতে অনড়, ফলে ভোট গণনা কেন্দ্র থেকে ইভিএম মেশিন বের করে নিয়ে যাওয়া যায়নি। পুলিশ কর্মীরা বারবার বুঝিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। গতকাল রাত থেকেই বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে।

এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের কাছে রিটার্নিং অফিসারকে রিকাউন্টি়ং না করার জন্য হুমকি দেখানোর মেসেজ দেখানোর পরে তৃণমূল কর্মীদের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে। কিন্তু নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়ার ব্যাপারটা তৃণমূল কংগ্রেস কর্মীরা মেনে নিতে পারছেন না। তার জেরেই রিকাউন্টিংয়ের দাবি তুলে গতকাল থেকে আজ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলছে হলদিয়ায় রাস্তায় ঘিরে।


