জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: গড়বেতা থানার খড়্কুশমা গ্রামে গতকাল রাত ও আজ সকাল থেকে তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দুপক্ষের সংঘর্ষে ভাঙ্গচুর করা হয় তৃণমূলের দলীয় কার্যালয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে এলাকায় শতাধিক বোমা ফাটায় একদল দুষ্কৃতি। গ্রামের তৃণমূল কর্মী সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। পঞ্চায়েতের ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে খবর। ঘটনায় ২ জন গ্রামবাসী আহত হয়। এলাকায় উত্তেজনা থাকায় সকাল থেকে এলাকায় চলছে পুলিশি টহল।শুক্রবার এলাকা থেকে বেশকিছু বোমা উদ্ধার করে পুলিশ।

যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় বলে দাবি পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরার। তিনি জানান, যারা প্রকৃত তৃণমূল কর্মী তারা দলীয় কার্যালয়ে ভাঙ্গচুর চালাবে না। এটা দুষ্কৃতিদের কাজ। পুলিশকে বলা হয়েছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করুক।


