আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩০ নভেম্বর: তমলুক শহরজুড়ে অবৈধ নির্মাণ ভাঙ্গার ব্যাপারে এবং পৌরসভার কাজে দালাল রাজ বন্ধের দাবিতে আজ পৌরসভার সামনে বিক্ষোভ দেখান আইনজীবীসহ বেশ কয়েকজন নাগরিক। পৌরসভার গেটে বিক্ষোভের পাশাপাশি তারাব পৌর প্রশাসকের হাতে ডেপুটেশনের কপি তুলে দেন। তারসঙ্গে পৌরপ্রশাসকের হাতে গোলাপ ও চকলেট তুলে দিয়ে প্রতিবাদ জানালেন তমলুকের সচেতন নাগরিকরা।
তমলুক শহরজুড়ে যত্রতত্র গজিয়ে উঠছে অবৈধ নির্মাণ। নিকাশি নালা ও খালের ওপর অবৈধ নির্মাণ তৈরি হওয়ার ফলে আবর্জনা পরিষ্কার ঠিকমত করা যায় না। ফলস্বরূপ অল্প বৃষ্টিতেই বিভিন্ন ওয়ার্ডে জল জমে সমস্যা তৈরি হয়। অন্যদিকে সরকারি সড়কের ওপর একাধিক অবৈধ নির্মাণ গজিয়ে ওঠার ফলে রাস্তার পরিসর দিন দিন ছোট হয়ে যাচ্ছে। এর ফলে স্বভাবতই বাড়ছে যানজট বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এরই প্রতিবাদে মঙ্গলবার তাম্রলিপ্ত পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয় তাম্রলিপ্ত পৌর নাগরিকদের পক্ষ থেকে। ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন আইনজীবীরাও।

পূর্ব মেদিনীপুর জেলা আদালতের আইনজীবী সুলগ্না ভট্টাচার্য বলেন, তাম্রলিপ্ত পৌরসভার বিভিন্ন কাজে দালাল রাজ চলছে। অবৈধ লেনদেনের মাধ্যমে শহরজুড়ে নিকাশি নালা সহ বিভিন্ন সরকারি জায়গার ওপর অবৈধ নির্মাণ করা হচ্ছে। তিনি আরও বলেন, টাকা না দিলে বৈধতা থাকা সত্ত্বেও নিজের বাড়িঘরটুকু পর্যন্ত নির্মাণ করা যায় না। পৌর প্রশাসক সবকিছু জেনেও চুপ করে বসে আছেন। এটার বিরুদ্ধে তমলুকের সচেতন নাগরিকরা আজ পথে নেমেছেন। তিনি আরো জানান, অবৈধ লেনদেন এবং অবৈধ নির্মাণ বন্ধ না হলে আগামী দিনে আরও জোরদার আন্দোলন হবে।

