অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ সেপ্টেম্বর: ঝাড়গ্রামের লালগড়ের ঢ্যাংবহরা থেকে অস্ত্র সহ ধৃত মিঠুন হেমরমকে এবার সিআইডি নিজেদের হেফাজতে নিতে চায়। অভিযুক্তর কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি পুলিশের সার্ভিস রিভলবার। ২০০৯ সালে অক্টোবর মাসে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানায় মাওবাদী হামলার ঘটনা ঘটেছিল। মাওাবাদীরা ওসি অতিন্দ্রনাথ দত্তকে অপহরণ করার সাথে থানার দুই পুলিশ কর্মীকে খুন করে সমস্ত অস্ত্র লুট করে নিয়েগিয়েছিল। গত ২০ আগস্ট লালগড়ের ঢ্যাংবহড়া গ্রাম থেকে অস্ত্র সহ পুলিশ মিঠুন হেমরমকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হওয়া রিভলবারটি সাঁকরাইল থানা থেকে লুট হওয়া পুলিশের সার্ভিস রিভলবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ২০০৯ সালে ওসি অপহরণ, খুন, অস্ত্র লুটের ঘটনার তদন্ত করছে সিআইডি। আর অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া রিভলবারটি সাঁকরাইল থানার তাই সিআইডি অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছে। অভিযুক্তর পক্ষের আইনজীবী সুমন সেন বলেন, “এদিন সিআইডি নিজেদের হেফাজতে নিতে আবেদন করেছিল। তবে আদালত তা নাকচ করে মেদিনীপুর জুভেনাইল জাসটিস কোর্টে আবেদন করতে বলেছেন।”

