আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: শিক্ষক পদে নিয়োগের দাবিতে মৎস্য মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসলো বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা। দীর্ঘদিন ধরে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের নিয়োগ হয়নি এমনটাই অভিযোগ বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবক-যুবতীরা। নিয়োগের দাবিতে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির কাঁথি শহরের থানা পুকুরপাড়ে বাড়ির সামনে আজ ধরনায় বসে। মৎস্য মন্ত্রীর কাছে শিক্ষক পদে নিয়োগের দাবি জানাতে এসে তার বাড়ির সামনে ধরনায় বসে পড়েন প্রায় ৩০ জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক যুবতীরা। যদিও মন্ত্রী এই সময় বাড়িতে ছিলেন না।

বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে নিয়োগের দাবি জানিয়ে আসছেন বিভিন্ন জায়গায় কিন্তু নিয়োগ হয়নি। তাই আজ তারা জেলার বিধায়ক তথা রাজ্যের মৎস্য মন্ত্রীর কাছে সেই দাবি নিয়ে এসেছেন। তাদের দাবি, অবিলম্বে তাদের নিয়োগ করতে হবে। মন্ত্রীর কাছে দাবি জানাতে আজ তারা বাড়িতে উপস্থিত হলেও মন্ত্রী বাড়ি না থাকায় বাড়ির সামনেই তারা বিক্ষোভে বসে পড়েন। যদিও মন্ত্রী অখিল গিরি বলেন, দপ্তরে কাজে গিয়ে তিনি বাড়ির বাইরে রয়েছেন। বিষয়টি তিনি উচ্চস্তরে জানাবেন। বিষয়টি শিক্ষা দপ্তরের ব্যাপার তাই তার উচ্চ স্তরে জানানো ছাড়া কোন উপায় নেই।

