চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় যোগদান করলেন বিজেপিতে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ মার্চ: লড়াকু প্রবীন কংগ্রেস নেতা তথা উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় দলত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন। অশোক বাবুর সাথে বিজেপিতে যোগদান করলেন চোপড়ার কংগ্রেস নেতা ফজলুর ইসলাম। বিজেপির নীতি আদর্শকে মেনে কাজ করার অঙ্গীকার করলেন দাপুটে এই কংগ্রেস নেতা। এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক নিমাই কবিরাজ সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

দীর্ঘ চার দশকের দাপুটে কংগ্রেস নেতা অশোক রায় প্রথমে সিপিএম ও পরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এলাকায় লড়াই সংগ্রাম করার পাশাপাশি এলাকার চাবাগানের শ্রমিকদের হয়েও অনেক লড়াই আন্দোলন করেছেন। দীর্ঘ ২৪ বছর ধরে অশোক রায় চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি পদে আসীন থেকে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। কংগ্রেস জেলা বা রাজ্য শীর্ষ নেতৃত্বকে কোনও কিছু না জানিয়ে মঙ্গলবার রাতে আচমকাই দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগদান করলেন। তাঁর বিজেপিতে যোগদানের ফলে একদিকে যেমন চোপড়ায় বিজেপির শক্তি বৃদ্ধি ঘটল পাশাপাশি চোপড়া বিধানসভা এলাকায় বাম-কংগ্রেসের জোটের ব্যাপক ক্ষতি হল বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে চোপড়ায় তৃণমূল বিধায়কের প্রধান প্রতিপক্ষ অশোক রায়কে বিজেপির প্রার্থী করে চমক দেয় কিনা সেটাও দেখার। যদিও অশোক বাবু জানিয়েছেন, এখন থেকে তিনি বিজেপির নীতি আদর্শকে মেনে এলাকার জন্য কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *