আমাদের ভারত, ২২ অক্টোবর: ছদ্মবেশে ভারতে লুকিয়ে রয়েছে চিনা গুপ্তচর। তিব্বতের রিফিউজিদের মধ্যে বসবাস করছিলেন এক চিনা মহিলা গত তিন বছর ধরে। বৌদ্ধ সন্ন্যাসিনী সেজে কাজ করছিলেন তিনি। গত সোমবার তাকে আটক করে দিল্লি পুলিশ।
জানা গেছে, বৌদ্ধ সন্ন্যাসিনীর ছদ্মবেশ ধরে ভারতে থাকা ঐ মহিলার কাছে বেশ কয়েকটি ভুয়ো পরিচয় পত্র পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম কাই রুয়ো। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে তিব্বতি রিফিউজি কলোনিতে থাকতেন তিনি। স্থানীয়দের মধ্যে তিনি দলমা লামা নামে পরিচিত।
গত ২০০৯ সাল থেকে বৌদ্ধ সন্ন্যাসী সেজেই ভারতে থাকছেন তিনি। তার বিষয়ে সূত্র মারফত পুলিশ জানতে পারে, ভুয়ো পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ভারতে রয়েছেন ওই মহিলা। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে পুলিশ। জেরায় জানা যায়, তার প্রকৃত নাম কায় রুয়ো। দিল্লি পুলিশের কাছে তিনি জানান, চিনের কমিউনিস্ট পার্টির সদস্যরা তাকে খুন করতে চেয়েছিল। সেই জন্যেই তিনি ভারতে আশ্রয় নিয়েছেন কিনা সেটা বলেননি।
তবে ওই চিনা মহিলার বক্তব্য খতিয়ে দেখার জন্য বিভিন্ন নথি যাচাই করে দেখছে দিল্লি পুলিশ। সেখান থেকে জানা যায়, চিনা পাসপোর্ট অনুযায়ী ২০১৯ সালে ভারতে এসেছিলেন তিনি। দিল্লি পুলিশের তরফে আরও জানানো হয়েছে, ভারত বিরোধী কার্যকলাপে জড়িত রয়েছেন এই চিনা মহিলা। শুধু তাই নয়, নেপালের নাগরিক হিসেবেও সমস্ত কাগজপত্র তৈরি করেছিলেন তিনি। দিল্লি পুলিশের বিশেষ শাখার তরফে এই ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে বলে জানা গিয়েছে।

