স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ জানুয়ারি: ফের শিশু মৃত্যু রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। গত ২৪ ঘন্টায় রায়গঞ্জ মেডিকেল কলেজের এসএনসিইউতে মৃত্যু হয়েছে ৩ শিশুর। প্রত্যেকেরই শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে জানাগেছে। এই পর্যন্ত এক সপ্তাহে ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে এসএনসিইউতে বলে জানাগেছে। শিশুমৃত্যুর পাশাপাশি মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দুই কোভিড আক্রান্তেরও। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।
এদিকে কোভিড আবহে শিশু মৃত্যু নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও শিশু মৃত্যুর সঙ্গে কোভিডের কোনো সম্পর্ক নেই বলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি।

মৃত শিশুর অভিভাবক জানিয়েছেন, দুই তিন দিন ধরে বাচ্চার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। মঙ্গলবার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছে।

অন্যদিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের
এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, ২০ জন কোভিড আক্রান্ত রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। এবং আজ ২ জন মারা গেছে। শিশুমৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এরা প্রত্যেকেই অপরিণত শিশু এবং মূলত বাথ অ্যাসফেকসিয়ার কারণে মারা গেছে। কোভিডের সাথে কোনো সম্পর্ক নেই। যদিও শিশু মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

