রাজ্যে বিনিয়োগ টানার লক্ষ্যে তিন দিনের মুম্বই সফরে মুখ্যমন্ত্রী মমতা

রাজেন রায়, কলকাতা, ২৮ নভেম্বর: লক্ষ্য পশ্চিমবঙ্গে বিনিয়োগ। সেই লক্ষ্যেই তিন দিনের সফরে মঙ্গলবার মুম্বই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামী ২০ এবং ২১ এপ্রিল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বেঙ্গল বিজনেস সামিট হওয়ার কথা। আর সেই কারণেই বিনিয়োগ টানার লক্ষ্যে তিনদিনের মুম্বই সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী কিছু শীর্ষস্থানীয় শিল্পপতির সঙ্গে দেখা করতে পারেন। তাঁদের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী। তাঁরা যাতে এই রাজ্যে বিনিয়োগ করেন, তার জন্য শিল্পপতিদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী।

করোনার কারণে গত দু বছর ধরে বেঙ্গল বিজনেস সামিট না হলেও তার আগে বেশ কয়েক বছর ধরে হয়েছে এই সামিট। কিন্তু এই শিল্প সম্মেলনের সাফল্য নিয়ে বারবারই প্রশ্ন তুলেছে বিরোধীরা। প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীশ ধনকরও। তাঁর অভিযোগ, ৫ বারের শিল্প সম্মেলনে হয়েছে বিপুল আর্থিক বেনিয়ম। খরচ হয়েছে যা, বিনিয়োগ হয়নি তা। সোমবারও ক্ষোভ প্রকাশ করে ট্যুইট করেছেন রাজ্যপাল। তিনি লিখেছেন, সংবিধানের ১৬৭ নম্বর ধারা অনুযায়ী, রাজ্যপাল চাইলে তাঁকে তথ্য জানানো মুখ্যমন্ত্রীর কর্তব্য। মুখ্যমন্ত্রী বেঙ্গল বিজনেস সামিটের বিষয় নিয়ে কোনও তথ্য পাঠাননি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অসাংবিধানিক।”

তবু শিল্প সফরে মুম্বাইয়ে মুখ্যমন্ত্রী। অনেকের মতে, এটা রাজনৈতিক সফরও। কারণ এবারের সফরে মুখ্যমন্ত্রী দেখা করতে পারেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও। দেখা করতে পারেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে। ফলে একই সঙ্গে রাজ্য ও দলের ভবিষ্যতের লক্ষ্যে মুম্বই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *