রাজেন রায়, কলকাতা, ২৮ নভেম্বর: কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে আগেও সরব হয়েছে বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণার দিন আরও একবার বিজেপির অভিযোগ, তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে রাজ্য পুলিশ। তাই তাদের দিয়ে কোনও ভাবেই নিরপেক্ষ ভোট সম্ভব নয়। সোমবার রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে এ কথাই জানিয়ে এল বিজেপির প্রতিনিধি দল।
তাদের দাবি, কলকাতা পুরসভার ভোটও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই করাতে হবে। এদিন প্রতিনিধি দলে ছিলেন বিজেপির রাজ্য নেতা বিশ্বপ্রিয় চৌধুরী, শিশির বাজোরিয়া। রাজ্য নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে বিশ্বপ্রিয় চৌধুরী বলেন, “কেন্দ্রীয় বাহিনী ছাড়া কলকাতা পুরনিগমে অবাধ সুষ্ঠু নির্বাচন কোনও ভাবেই সম্ভব নয়। আমরা কমিশনকেও তাই জানিয়ে গেলাম। রাজ্য পুলিশ এখন আর পুলিশ নেই, তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। এই সরকার, পুলিশ, প্রশাসন সবকিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। সেই জন্য আমাদের এদের উপর আর কোনও ভরসা নেই। একজন মন্ত্রী, তিনি পুরসভার মুখ ছিলেন, তিনি আজ বলে দিলেন তাঁরা ১৪০ থেকে ১৪৪টি আসনই জিততে চান। গণতন্ত্র যে এখানে নেই এই ভাষাতেই তা প্রমাণ হয়ে গিয়েছে।”
প্রসঙ্গত, এদিনই মনোনয়ন পত্র জমা দিয়ে ফিরহাদ হাকিম বলেন, “তৃণমূল কংগ্রেসের জন্য যখনই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে আহ্বান করেছেন, তাঁরাও সমর্থন করেছেন। গত বিধানসভায় মূল কলকাতায় ১১টি আসন এবং বাইরে সব আসন আমরাই পেয়েছি। এবারও কলকাতার পুরভোটে মানুষের উপর বিশ্বাস থেকে বলছি ১৪০ থেকে ১৪৪টি আসন তৃণমূল কংগ্রেসই জিতবে।”
সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বিজেপি দাবি করেছে, ১৪৪টি ওয়ার্ডের জন্য ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। যদিও কমিশন সূত্রে যা খবর তাতে রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর পরিকল্পনা রয়েছে। বেশ কিছুদিন আগেই রাজ্যের স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে নির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত পরিকল্পনা চেয়েছে কমিশন।

