Sukanta, BJP, Chhath, ছট পুজো যতটা অবাঙালিদের ততটাই বাঙালিদেরও, রাজ্যে হিন্দু ঐক্যের ডাক দিয়ে একতার বার্তা সুকান্ত মজুমদারের

শ্রীরূপা চক্রবর্তী, আমাদের ভারত, ১৩ নভেম্বর: আমাদের রাজ্যে ছট পুজো যতটা অবাঙালিদের ততটাই বাঙালিদেরও। ছট পুজোর প্রাক্কালে কলকাতা বন্দরে ময়ূরভঞ্জ রোডে ছট পুজোর পুন্যার্থীদের হাতে পুজোর প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। একইসঙ্গে এই পুজোকে কেন্দ্র করে বাঙালি বা অবাঙালি উভয়কেই দিলেন ঐক্যের বার্তা।

আজ বিজেপি বিধায়ক ও নেতাদের উপস্থিতিতে ছটপুজোর পুন্যার্থীদের হাতে পুজোর সামগ্রী তুলে দেন সুকান্ত মজুমদার। জনগণের আস্থা, ভক্তি শ্রদ্ধা ও সূর্য উপাসনার এই মহাপর্বে সকলের জীবনের সুখ- শান্তি ও সমৃদ্ধি বয়ে আনার জন্য ছটি মাইয়ার আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। ছট পুজোর চার দিনের অনুষ্ঠানের শুভারম্ভ আজ। আজ পবিত্র “নাহায়ে খায়” দিয়ে এই পুজোর মহাপর্বের বিধি শুরু।

সুকান্ত মজুমদার বলেন, এই সমস্ত হিন্দু উৎসবের পেছনে উদ্দেশ্য একটাই, সমস্ত হিন্দু সমাজকে এক সূত্রে জুড়ে রাখা। একসাথে জোট বেঁধে রাখা। কারণ যদি ভাগাভাগি হয় তাহলে কাটাকাটিও হবে। এরপরেই তিনি বাঙালি, অবাঙালির ঊর্দ্ধে উঠে ছট পুজোকে সকলের পুজো বলে দাবি করেন। তিনি বলেন, ছট পুজো যতটা অবাঙালিদের ততটাই বাংলায় থাকা বাঙালিদেরও। দুর্গাপুজো যতটা বাঙালিদের, ঠিক ততটাই এই রাজ্যে থাকা অবাঙালিদেরও। কারণ সব উৎসবই হিন্দু সমাজের। আর হিন্দু সমাজকে ঘিরেই আমাদের অস্তিত্ব। হিন্দু হয়ে জন্মানো ভাগ্যের ব্যাপার। তাই হিন্দু হয়ে জন্মে এই সমস্ত হিন্দুদের উৎসবকে একসাথে পালন করা আমাদের কর্তব্য। ছটি মায়ের আশীর্বাদ ছাড়া বাঙলার ভাগ্যের সূর্যোদয় সম্ভব ছিল না।

তিনি বলেন, এই রাজ্যে শ্রী রামচন্দ্রের আর্দশে বলিয়ান সরকার তৈরি হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী ছট পুজোর আগে সমস্ত ঘাট পর্যবেক্ষণ করছেন। ঘাটগুলি সাজানো হচ্ছে। আমি কথা দিলাম প্রত্যেকবার আগের বারের থেকে আরো আরো ভালো ঘাট আপনাদের উপহার দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, চলতি মাসের শেষেই কলকাতা ও হাওড়ায় পুরসভা ভোটের ঘোষণা হয়ে যাবে। আর এই অঞ্চলে একটা বিরাট সংখ্যক ভোটার অবাঙালি। তাই কালীপুজো, ভাইফোঁটার মতো ছট পুজোকেও বিজেপি সমান গুরুত্ব দিয়ে তুলে ধরতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *