Sukanta, BJP, Midnapur, মেদিনীপুরে কালীপুজো উপলক্ষে রাবণ দহন, অগ্নিসংযোগ করে অনুষ্ঠানের সূচনা মন্ত্রী সুকান্ত মজুমদারের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর: কালীপুজো উপলক্ষে মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া বামুনপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী রাবণ দহন অনুষ্ঠান। জগন্নাথ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান এবার ১৬তম বর্ষে পদার্পণ করল। বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাবণের কুশপুতুলে অগ্নিসংযোগের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

অনুষ্ঠান মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, শুধু পুতুলের রাবণ দহন করলেই হবে না, সমাজের মধ্যে থাকা মানুষরূপী রাবণদের বিরুদ্ধেও সঠিক ব্যবস্থা নিতে হবে। অন্যায় ও অসুরশক্তির বিরুদ্ধে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তাও দেন তিনি।

এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গেও সরব হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগের সরকারের আমলে জয় শ্রীরাম স্লোগান দিতে আপত্তি করা হতো। কিন্তু বর্তমানে সকলেই স্বাধীনভাবে জয় শ্রীরাম স্লোগান দিতে পারছেন।

এছাড়াও জম্মু- কাশ্মীরে সিআরপিএফের উপর হামলার প্রসঙ্গও উঠে আসে অনুষ্ঠানের আলোচনায়। দেশের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলেও নানা আলোচনা চলছে। দেশের সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

সব মিলিয়ে কালীপুজোকে কেন্দ্র করে জগন্নাথ ক্লাবের উদ্যোগে আয়োজিত ১৬তম বর্ষের রাবণ দহন অনুষ্ঠান ঘিরে তাঁতিগেড়িয়া বামুনপাড়া এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ যোগ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সৌমেন তিওয়ারি, সমাজসেবী আশীর্বাদ ভৌমিক, দেবাশীষ দাস, সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *