পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: দীপাবলির উৎসবের আবহে মানবসেবার অনন্য নজির গড়ল কামরদা তুফান সংঘ। কাঁথি ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে মোট ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শিবির পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার অফ খেজুরি (CARE OF KHEJURI)।

শিবিরের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মোট রক্তদাতাদের মধ্যে প্রায় ২৫ জন মহিলা রক্তদান করেন। পাশাপাশি বহু নবাগত রক্তদাতার অংশগ্রহণও শিবিরটিকে বিশেষ মাত্রা দেয়। উল্লেখযোগ্যভাবে, এই শিবিরে এমন দু’জন রক্তদাতা উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে একজন ৩৪ বার এবং অন্যজন ৬৮ বার রক্তদান করেছেন।

শিবিরের সফল আয়োজনে উচ্ছ্বসিত ক্লাবের কর্মকর্তারা। সভাপতি ও সম্পাদকের পক্ষ থেকে সকল রক্তদাতা ও সহযোগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।

ক্লাবের সহ- সম্পাদক সৌরভ মাল জানান, সরকারি ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতির কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কেয়ার অফ খেজুরির সহযোগিতায় ৫০ জন রক্তদাতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবির সফল হওয়ায় তাঁরা অত্যন্ত আনন্দিত। আগামী দিনেও প্রতি বছরের মতো এই মহতী উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

