Uniform Civil Code, BJP, কেবল বিজেপি শাসিত রাজ্যই নয়, সারা দেশে লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি, ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর কথায়

আমাদের ভারত, ১০ নভেম্বর: কেবল বিজেপি শাসিত রাজ্যে নয়, সরকার সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করতে প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন কেন্দ্রীয় আইন ও সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল।

তাঁর কথায়, ইউসিসি-র সাংবিধানিক ভিত্তি রয়েছে। তাই এই আইনকে কেবলমাত্র কয়েকটি রাজ্যেই আটকে রাখার কোনো যুক্তি নেই। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেঘাওয়ালকে প্রশ্ন করা হয়েছিল, অভিন্ন দেওয়ানি বিধি কি শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমাবদ্ধ থাকবে? নাকি তা গোটা দেশে কার্যকর হবে?

উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। সংবিধান প্রণেতারা ৪৪ নম্বর অনুচ্ছেদের জন্য বিশেষ বিধান রেখেছেন। সুপ্রিম কোর্ট একাধিকবার এই বিষয়ে মন্তব্য করেছে। এটা অবশ্যই উৎসাহজনক যে কিছু রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়েছে। গোয়াতে এই আইন অনেক আগে থেকেই কার্যকর। যখন সেখানে বিজেপি ক্ষমতায় ছিল না তখন থেকেই এই আইন কার্যকর করা হয়েছে।

এরপরই মন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হওয়া উচিত। আমাদের সরকার সেই লক্ষ্যেই প্রতিশ্রুতিবদ্ধ। এর সাংবিধানিক ভিত্তিও রয়েছে বলেই শুধুমাত্র কয়েকটি রাজ্য এই আইনকে সীমাবদ্ধ রাখার কোনো কারণ নেই।

অভিন্ন দেওয়ানি বিধির কথা বিজেপির ইস্তেহারে বারবার উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, রাম মন্দিরে ৩৭০ ধারা অবলুপ্তির পর এখন বিজেপি মনোযোগ দিয়েছে অভিন্ন দেওয়ানি বিধিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই বলেছিলেন প্রত্যেক নাগরিকের জন্য এক আইন অর্থাৎ, অভিন্ন দেওয়ানি বিধি লাগু বিজেপির অন্যতম প্রতিশ্রুতি। ২০২৯ সালের আগেই বিজেপি ও এনডিএ শাসিত ২১টি রাজ্যে তা কার্যকর হবে বলেও জানিয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি পাশ করা হয়। গোয়ায় বহু বছর ধরে কার্যকর রয়েছে এই আইনটি। এছাড়া গুজরাট, অসম ও সম্প্রতি মধ্যপ্রদেশ সরকারের ক্যাবিনেট বৈঠকে সর্বসম্মতভাবে অভিন্ন দেওয়ানি বিধি অনুমোদিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *