আমাদের ভারত, ১৩ নভেম্বর: বর্তমান সময়ে হোটেল বুকিং থেকে শুরু করে হাসপাতালে ভর্তি, কিংবা স্কুল কলেজে ভর্তি করা, আবার যে কোনো সরকারি বা বেসরকারি পরিষেবা পেতে আধার কার্ড অপরিহার্য পরিচয় পত্র। এতদিন এই সমস্ত জায়গায় পরিচয় প্রমাণের জন্য আধার কার্ডের ফটোকপি বাধ্যতামূলক জমা দিতে হতো। কিন্তু এবার সেই নিয়ম বদলে যাচ্ছে। কিন্তু কেন নিয়মে এই বদল?
আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড ও মোবাইল নম্বর যুক্ত থাকায় কাগজের ফটোকপি থেকে ব্যক্তিগত তথ্য চুরি ও আর্থিক জালিয়াতির আশঙ্কা বাড়ছিল। এই সমস্যা সমাধানে এবার যুগান্তকারী পদক্ষেপ করলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই।
ইউআইডিএআই- এর নতুন পরিকল্পনা অনুযায়ী এবার থেকে কোথাও আর আধার কার্ডের কাগজের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন হবে না। তার পরিবর্তে চালু হচ্ছে সম্পূর্ণ অ্যাপ ভিত্তিক এবং ডিজিটাল অফলাইন ভেরিফিকেশন ব্যবস্থা। ইতিমধ্যেই দেশের তিনশোর বেশি সরকারি ও বেসরকারি সংস্থাকে অফলাইন ভেরিফিকেশন সিকিং এন্ট্রি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এই তালিকায় নামি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, হোটেল, রেঁস্তোরা ছাড়াও জোমাটোর মত অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মও রয়েছে।
মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের ফলে জালিয়াতি চক্রের বিনাশ করা সম্ভব হবে। তবে ডিজিটাল ভেরিফিকেশনের ক্ষেত্রেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, কারণ সাইবার ক্রাইমের সংখ্যা প্রতিদিন ক্রমবর্ধমান।

