পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১০ নভেম্বর: করোনা বিধি মানতে এবার বাড়ির ছাদেই পুকুর বানিয়ে ছট পুজো দক্ষিণ দিনাজপুরে। অভিনব এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়েছে। যদিও করোনা বিধি নিষেধকে মান্যতা দিতেই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। গঙ্গারামপুরের সাহাপাড়া এলাকার বাসিন্দা প্রহ্লাদ আগরওয়ালের বাড়িতে এমন উদ্যোগ শহরবাসীকেও যথেষ্ট আকর্ষিত করেছে।

রীতি অনুযায়ী ছট পুজো সাধারণত নদীর ধারেই করা হয়। যেখানে এলাকার সমস্ত হিন্দিভাষী মানুষেরা এক জায়গায় প্যান্ডেল করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই পুজোয় সামিল হন। করোনার বিধি নিষেধের জেরে বিগত প্রায় দুবছর ধরে সেই চিত্রটা কিছুটা বদলেছে। ভিড় এড়াতে মাঠে নেমেছে খোদ প্রশাসনও। আর সেই করোনা বিধি নিষেধের জেরে এবারে গঙ্গারামপুরের সাহাপাড়ার ছট পুজোর চিত্রটাও একটু আলাদা হয়েছে। হিন্দিভাষী সমাজের মানুষ প্রহ্লাদ আগরওয়াল, বর্তমানে করোনা অতিমারির কথা মাথায় রেখে জমায়েতের মাধ্যমে পূজো না করে বাড়ি ছাদের উপর ইটের তৈরি পুকুর বানিয়ে পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে ভক্তি শ্রদ্ধা সহকারে সমস্ত নিয়ম মেনে করছেন ছট পুজো। কোভিড বিধিকে মান্যতা দিয়ে প্রহ্লাদ আগরওয়ালের এই ছট পুজো শুধু নজরই কাড়েনি, যা দেখে আকর্ষিত হয়েছেন গোটা গঙ্গারামপুরবাসী।
বাড়ির মালিক প্রহ্লাদ আগরওয়াল বলেন, কোভিড প্রটোকল মেনেই তারা এবারের ছট পুজো করছেন। ছাদের উপর পুকুর তৈরি করেই চলছে তাদের এবারের পুজো। কোভিড সংক্রমণ ঠেকাতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতেই চলছে তাদের উৎসব।

