আমাদের ভারত, ৮ জানুয়ারি:রাজনৈতিক মহলকে অবাক করে চন্ডীগড় পুরসভায় চমকপ্রদ ফল করেছিল আম আদমি পার্টি। বিজেপি কংগ্রেসকে পিছনে ফেলে পুরভোটে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছিল কেজরিওয়ালের দল। কিন্তু এত কিছুর পরেও শেষরক্ষা হলো না। চন্ডিগড় পৌরসভার মেয়র পদ দখল করল সেই বিজেপি।
চন্ডিগড় পৌরসভার নির্বাচনে ৩৫ আসনের মধ্যে ১৪টি আসনে জিতের প্রথম স্থানে উঠে এসেছিল আম আদমি পার্টি।বিজেপি পেয়েছিল ১২টি আসন। কংগ্রেস জিতেছিল ৮টি আসনে। একটি আসন পেয়েছিল আকালি শিরোমণি দল।
কিন্তু নির্বাচনের পরেই কংগ্রেসের এক কাউন্সিলর যোগ দেয় বিজেপিতে। ফলে বিজেপি কাউন্সিলরের সংখ্যা দাঁড়ায় ১৩য়। কংগ্রেস কমে দাঁড়ায় ৭ এ। নিয়ম অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলে পুরনিগমের মেয়র নির্বাচনের সময় কাউন্সিলরদের সাথে ভোট দিতে পারেন স্থানীয় সংসদ। শনিবার মেয়র নির্বাচনে কংগ্রেসের ৭ ও আকালি দলের এক কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। ফলে পৌরসভার মোট আসন সংখ্যা কমে দাঁড়িয়েছিল ২৭। সেই সঙ্গে একজন সংসদের ভোট যোগ করে দাঁড়ায় ২৮। হিসেব মতো আম আদমি পার্টির নিজেদের ১৪ জন কাউন্সিলরের ভোট পাওয়ার কথা। আর বিজেপি খাতাতে ১৩ জন কাউন্সিলর এবং সংসদ মিলিয়ে মোট ১৪ টি ভোট পাওয়ার কথা।
কিন্তু ফলাফল ঘোষণার সময় প্রিসাইডিং অফিসার আপের এক কাউন্সিলের ভোট বাতিল বলে গণ্য করেন। ফলের ১৪-১৩ ভোটের ব্যবধানে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হন বিজেপির সরবজিত কৌর।
এই ফলাফল মেনে নিতে নারাজ আম আদমি পার্টি। তাদের অভিযোগ বিজেপি যেভাবে জিতল সেটা লজ্জাজনক। অন্যদিকে কংগ্রেস বলেছে আপ যে আসলে বিজেপির বি টিম তা আবার প্রমাণ হয়ে গেল, কারণ কৌশলে তারা বিজেপিকে মেয়র পদ পাইয়ে দিলো।

