অরুণাচলের ১৫টি জায়গার নতুন নামকরণ করল চিন, তীব্র বিরোধিতা নয়া দিল্লির

আমাদের ভারত, ৩১ ডিসেম্বর: বেশ কিছুদিন ধরেই লাদাখ নিয়ে চিনের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত। তার মধ্যেই আরও এক নতুন সংঘাতের পরিস্থিতি তৈরি করল বেজিং। অরুণাচল প্রদেশের পনেরোটি জায়গার সরকারিভাবে নতুন নামকরণ করল চিনা প্রশাসন। চিনের অসামরিক বিষয়ক মন্ত্রকের তরফে বৃহস্পতিবার এই নামকরণ করা হয়েছে। এমনকি ওই জায়গাগুলি কে চিনা মানচিত্রের ভিতর দেখানো। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বেজিংয়ের এই ধরনের দাবিতে ভারতের কিছুই আসে যায় না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, চিন যে এই প্রথম ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করছে তা নয়,২০১৭ সালে একইভাবে অরুণাচল প্রদেশের বেশ কিছু অংশের নামকরণ করেছিল বেজিং। কিন্তু চিরকালের মতোই অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম নামকরণ করে বাস্তবকে বদলানো সম্ভব নয়।

দীর্ঘদিন ধরে অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে দাবি করেছে চিন। ২০১৭ সালে অরুণাচল প্রদেশের নতুন করে নামকরণ করেছিল চিন। সেই সময় রাজ্যের ছটি জায়গা নামকরণ করা হয়েছিল। এবার নতুন বছরের শুরুতেই নতুন সীমান্ত নীতি লাগু করতে চলেছে চিন। ঠিক তার আগেই এই ধরনের নামকরণ। এর আগে অক্টোবর মাসে চিনের নয়া সীমান্ত নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত। ভারতের তরফে জানানো হয়েছিল এই ধরনের একতরফা সিদ্ধান্ত দু’দেশের কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য লাদাখ নিয়ে এখনও পর্যন্ত দু’দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত। গালওয়ান সংঘর্ষে দুপক্ষেরই বেশ কিছু সেনা প্রাণ হারিয়েছিলেন। এরপর আবার অরুণাচল প্রদেশ নিয়ে চিনের এই নতুন দাবি দু’দেশের সম্পর্কের চিড়কে আরো কতটা গভীর করে তাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *