আমাদের ভারত, ব্যারাকপুর, ৩ ডিসেম্বর: কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারের কোনও দাবিই মানে না। শুক্রবার দুপুরে নৈহাটি পুরসভার পরিবর্ধিত পুর প্রশাসনিক ভবনের উদ্বোধন করে এমনই মন্তব্য করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে নৈহাটি স্টেশনের নামকরণ ঋষি বঙ্কিমচন্দ্রের নামে করার দাবি জানিয়ে আসছে এলাকাবাসীরা। এদিন নতুন ভবনের উদ্বোধনে এসে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “নৈহাটির মানুষের এই দাবিটা যুক্তিযুক্ত। কারণ ঋষি বঙ্কিম চন্দ্রের জন্মস্থান নৈহাটি তাই এই স্টেশনের নামকরণ ঋষি বঙ্কিমচন্দ্রের নামে হওয়া উচিত। কিন্তু রাজ্য যাই দাবি করুক না কেন, কেন্দ্র তা মানে না। সবকিছু নিয়েই রাজনীতি করা হয়। তাছাড়া বিজেপি যে ভাবে মনিষীদের মূর্তি ভাঙ্গে তাতে ওনারা আদৌও ঋষি বঙ্কিম চন্দ্র কে সেই সম্পর্কে কিছু জানেন কি না সেটা নিয়েই প্রশ্ন রয়েছে। তাই আমাদের দাবি, কেন্দ্র মানবে এটা ভাবাই যায় না।”

যদিও অনেক আগেই ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিং নৈহাটি স্টেশনের নামকরণ বঙ্কিম চন্দ্রের নামে করার জন্য রেলমন্ত্রককে প্রস্তাব করেছেন বলে সূত্রের খবর। এদিনের পুর ভবন উদ্বোধন প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ভবনটি খুব সুন্দর ভাবে তৈরি হয়েছে এবং সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। তিনি এদিন পুর ভোট প্রসঙ্গে বলেন, “হাই কোর্ট আমাদের ভোট সম্পর্কে যা নির্দেশ দিয়েছে তাই মেনে চলা হবে। করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসে গেছে আক্রান্তের গ্রাফ ও অনেকটা নীচে তাই কলকাতায় নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছিল। আগামী দিনেও বাকি পৌরসভাগুলির ভোট কবে অনুষ্ঠিত হবে সেটা কোর্ট বলতে বলেছেন আমরা সেই মত ঘোষণা করে দেবো।”
এদিনের পুর প্রশাসনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, পুর প্রশাসক অশোক চট্টোপাধ্যায়, কো-অর্ডিনেটর সনৎ দে’সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

