কেশিয়াড়িতে সমন্বয় মঞ্চের সংবিধান দিবস পালন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ নভেম্বর: শুক্রবার সংবিধান দিবস পালিত হল কেশিয়াড়ীতে। আন্তর্জাতিক মানবাধিকার ও অল ইন্ডিয়া এসটি এসসি এবং ওবিসি সমন্বয় মঞ্চের উদ্যোগে কেশিয়াড়ি বিমেলশ্বর প্রাথমিক বিদ্যালয়ে  দিনটি উদযাপন হয়। এই উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। ভারতের সংবিধান রচয়িতা আম্বেদকরের ছবি ও ব্যানার হাতে ধামসা মাদলের তালে পথ হাঁটেন আয়োজক মঞ্চের সদস্যরা। জাতীয় পতাকা উত্তোলন ও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তারা। 

সংবিধান সভা কর্তৃক ভারতীয় সংবিধান গ্রহণের ৭০ বছর পূর্তিতে ২৬ নভেম্বর সংবিধান দিবস উদযাপন উপলক্ষ্যে দেশজুড়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। টানা এক বছর এই কর্মসূচি পালিত হবে বলে  সমন্বয় মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতীয় সংবিধানের  নৈতিকতা ও মূল্যবোধের দিক গুলি সাধারণ মানুষকে স্মরণ করিয়ে দিতে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। ভারতীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সমস্ত ভারতীয়কে তাঁদের সঠিক দায়িত্ব পালন সম্পর্কে উৎসাহিত করার লক্ষ্যেও এই দিনটি গুরুত্ব দিয়ে পালন করা হয়। ১৯৪৯-এর ২৬ নভেম্বর গণপরিষদ ভারতীয় সংবিধান গ্রহণ করে। এটি কার্যকর হয় ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে। ২০১৫-তে আজকের দিনে গেজেট নোটিফিকেশন জারি করে ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত ঘোষিত হয়। সংবিধানের প্রাণপুরুষ ড: বি আর আম্বেদকরের ভাবধারার প্রচার এবং সংবিধানের গুরুত্ব বিষয়ে জনসচেতনতার প্রসার— মূলত এই দুটি উদ্দেশ্যকে সামনে রেখে ভারত সরকার দিনটিকে ‘সংবিধান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। সেই ধারাবাহিকতায় এদিনের এই কর্মসূচি ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান বলে জানান উদ্দোক্তারা।

প্রধান বক্তা ছিলেন ঝাড়খন্ড রত্ন সূর্য সিং বেসরা, সমাজসেবী কার্তিক চন্দ্র হাঁসদা, কুম্ভকার সমিতির সভাপতি পূর্ব মেদিনীপুর জেলার গোপাল পাল, বিষ্ণপদ সরেন, ধনঞ্জয় মুর্ম্মু, ভরত সরেন, মনোরঞ্জন মাহাত সহ সমন্বয় মঞ্চের অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *