সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ জুন: পদযাত্রা, বৃক্ষরোপণ সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষ্যে আজ সকালে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করে বাঁকুড়া খ্রীস্টান কলেজের এনএসএস বিভাগ।
বাঁকুড়া লায়ন্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই পদযাত্রায় জেলা শাসক রাধিকা আইয়র, বন আধিকারিক (দক্ষিণ) ই বিজয় কুমার, খ্রীস্টান কলেজের অধ্যক্ষ ফটিক মন্ডল, কলেজের এনএসএস আধিকারিক সচ্চিদানন্দ রায়, লায়ন্স ক্লাবের সভাপতি অশোক জালান, সমাজসেবী বিপ্রদাস মিদ্যা সহ বহু বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন। পদযাত্রা শেষে পরিবেশ দিবসের তাৎপর্য প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসককে রাধিকা আইয়র পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, যত্রতত্র আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্হানে ফেলার ও গাছ লাগানো ও তা রক্ষা করার আহ্বান জানান।
এপ্রসঙ্গে তিনি শহরের বিভিন্ন স্থানে গরু, বাছুরের অবাধ বিচরণ বন্ধ করার জন্য ব্যবস্হা নেওয়া হচ্ছে বলে নাগরিকদের জানান। ঐ সময় জনৈক নাগরিকদের প্রকাশ্যে মুরগি, ছাগল কাটার ভয়াবহ দৃশ্য শিশু মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে বলে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণের আশ্বাস দেন।
পশ্চিমবঙ্গ বিঞ্জান মঞ্চের পক্ষ থেকেও এদিন শহরের বিভিন্ন স্থানে পথসভায় পরিবেশ রক্ষার আহ্বান জানানো হয়।

