তৃণমূলে যোগ দিতে মোটা টাকা, সরকারি চাকরি, মন্ত্রিত্বের লোভ দেখানো হয়েছিল, বিস্ফোরক দাবি বিজেপি সাংসদ খগেন মুর্মুর

আমাদের ভারত, ৫ জুন: মোটা টাকা, সরকারি চাকরির প্রলোভন দেওয়া হয়েছিল তৃণমূলে যোগদানের জন্য। এমনই বিস্ফোরক দাবি করলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। গত কয়েকদিন ধরে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছিল।‌ তার মধ্যে তিনি রাজ্যের বিরোধী দলের বিরুদ্ধে এই অভিযোগ করলেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব।

শনিবার খগেন মুর্মু বলেন, আমি যখন সিপিএম ছাড়ার পরিকল্পনা করি তখনই তৃণমূলের তরফে তাদের দলে যোগদানের প্রস্তাব এসেছিল। তৃণমূলের প্রথম সারির নেতারাই এই প্রস্তাব তাকে দিয়েছিল বলে দাবি বিজেপি সাংসদের।

তিনি বলেন, তাকে বলা হয়েছে, তিনি তৃণমূলে যোগ দিলেই দশটি সরকারি চাকরি হবে তার পরিবার ও অনুগামীদের জন্য। তারমধ্যে এসএসসির চাকরিও রয়েছে। এছাড়া মোটা অংকের টাকা ঢুকবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তার সঙ্গে পাবে মন্ত্রিত্ব। কিন্তু বিজেপি সাংসদ জানান, তৃণমূলের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বিজেপিতে যোগদান করেন।

খগেন মুর্মু বলেন, বিজেপিতে যোগদান করার পরেও পিছু ছাড়েনি তৃণমূল। লাগাতার তারা টাকা ও চাকরির বিনিময়ে দল বদলের প্রস্তাব দিয়ে চলেছে। তবে খগেনবাবুর দাবি উড়িয়ে মালদা শহর তৃণমূল সভাপতি বলেন, উনি এত বড় নেতা নন যে ওনাকে উপুড় হয়ে স্বাগত জানাতে হবে। মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে আমাদের আর কাউকে দরকার নেই।

গত কয়েকদিন ধরেই খগেন বাবু তৃণমূলে যোগদান করতে পারেন বলে জল্পনা তুঙ্গে উঠেছিল। কিন্তু এর মধ্যে শনিবার শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের কর্মসূচিতে যোগ দেন তিনি। শুভেন্দু অধিকারীও জানিয়ে দেন বিজেপিতে থাকবেন খগেন মুর্মু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *