ভাদু শেখের ট্যাক্স কনসালটেন্টকে জেরা সিবিআইয়ের

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৭ এপ্রিল: এবার সিবিআই ডেকে পাঠালো দমকল কর্মীদের। যারা পোড়া বাড়ি থেকে দলা পাকানো মৃতদেহগুলি উদ্ধার করেছিলেন। এরই সঙ্গে জেরা করা হয়েছে ভাদু শেখের ট্যাক্স কনসালটেন্টকে। তাদের দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

২১ মার্চ রাতে রামপুরহাট বগটুই মোড়ে ভাদু শেখকে খুন এবং বদলা নিতে বগটুই গ্রামের গণহত্যার তদন্তভার হাতে নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিবিআই গোয়েন্দারা। রবিবার প্রথমে ডেকে পাঠায় ছয় দমকল কর্মীকে। কারণ তারাই একটি বাড়ি থেকে সাতটি পোড়া মৃতদেহ উদ্ধার করেছিল। তারাই প্রথম মৃত্যুর কথা সংবাদ মাধ্যমের সামনে এনেছিল। দুপুর ১২ টার মধ্যে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরেই এদিন সিবিআইয়ের অস্থায়ী অফিসে ডেকে পাঠানো হয় ভাদু শেখের ট্যাক্স কনসালটেন্ট কলিমুদ্দিন শেখকে। ২০১৭ সাল থেকে তিনিই ভাদুর হিসাব নিকাশের খাতা সারতেন। ভাদুর গো-ডাউনের অফিস থেকে যে তিনটি ডায়রি উদ্ধার হয়েছে সেখানে কিছু গরমিল পাওয়া গিয়েছে। সেই কারণে ট্যাক্স কনসালটেন্টকে ডেকে কিছু নথি নিয়েছে সিবিআই গোয়েন্দারা।

অন্যদিকে এদিন রামপুরহাট মহকুমা আদালতের বিশেষ আদালতে ধৃত রিটন শেখকে তোলা হলে তাকে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ২৯ এপ্রিল ফের তাকে আদালতে তোলা হবে। ১৩ এপ্রিল রিটনকে বগটুই গ্রাম থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অভিযোগ ঘটনার দিন রাতে নিজের টোটোতে পেট্রোল পাম্প থেকে গ্রামে নিয়ে গিয়েছিল। যদিও এদিন আদালত থেকে বেরনোর সময় রিটন বলেন, “তাকে পেট্রোল নিয়ে যেতে বলেছিল”। ইতিমধ্যে সেকথা তিনি সিবিআইকেও জানিয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *