বোমাবাজিতে ফের উত্তপ্ত ভাটপাড়া, উদ্ধার তাজা বোমা

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৭ এপ্রিল: ফের বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল ভাটপাড়া পৌর এলাকায়। রবিবার ভোর রাতে একদল দুষ্কৃতী ব্যাপক বোমাবাজি করে। জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২৮ নম্বরের রাহুতার নতুনপল্লী এলাকায় রবিবার ভোর রাতে পরপর দুটি বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা। এদিন ভোর রাতে দুষ্কৃতীরা পরপর চারটি বোমা মারে তার মধ্যে তিনটি বোমা ফাটলে একটি বোমা
ফাটেনি।

দীনবন্ধু মন্ডলের বাড়ির ছাদে একটি এবং বাড়ির গেটে আরেকটি বোমা মারে দুষ্কৃতীরা। আরেকটি বোমা দীনবন্ধু বাবুর পাশে প্রাণকৃষ্ণ পালের বাড়ির উঠানে মারা হয়। যদিও প্রাণকৃষ্ণ বাবুর ঘরের বারান্দায় ছুড়ে মারা বোমাটি ফাটেনি। পরপর দুটি বাড়িতে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা।

এই বোমাবাজির ঘটনার খবর পুলিশকে দেওয়া হলে ঘটনাস্থলে জগদ্দল থানা পুলিশ এসে না ফাটা বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমাবাজির করেছে তা বুঝে উঠতে পারছে না কেউ। তবে এলাকায় ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক।

২০২১ সালের নির্বাচনের পর থেকে শুরু হওয়া এই দুষ্কৃতী হামলা ও বোমাবাজির ঘটনায় অতিষ্ট ও আতঙ্কিত এলাকার বাসিন্দারা। বোমাবাজির খবর পেয়েই নতুনপল্লীতে আসেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। সব জায়গা ঘুরে দেখেন তিনি। ঘটনাস্থল পরিদশনের পর তিনি জানান, ২৮ নং ওয়ার্ডের মানুষ খুব শান্তিপ্রিয়। অনেক দিন ধরেই এলাকাতে অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে। মানুষকে ভয় দেখানো হচ্ছে। বিষয়টি নজরে রেখেছি। তবে শ্যামনগর নতুনপল্লী এলাকায় বোমা মারার প্রসঙ্গে বিধায়ক জানান, জগদ্দলের আইসিকে বলেছি ২৪ ঘণ্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ সেই বিষয়ে আশ্বস্ত করেছেন বিধায়ককে। তবে এলাকার বাসিন্দারা এলাকায় সিসিটিভি লাগানোর কথা জানিয়েছেন বিধায়ককে।

এদিন তিনি বলেন, “বালিগঞ্জ ও আসানসোলের নির্বাচনের ফল আবার প্রমাণ করেছে যে বিজেপির পাশ থেকে মানুষ সরে যাচ্ছে। তাই এলাকাগুলো অশান্ত করার চেষ্টা করছে আমরা তা হতে দেবো না। থানার বড় বাবুকে আমরা বলেছি দুষ্কৃতীদের দ্রুত খুঁজে বের করতে।” তবে এই সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *