জয় লাহা, দুর্গাপুর, ২৮ মে: জাতীয় সড়কের ওপর অভিযান চালিয়ে ৩ টি অবৈধ কয়লা বোঝাই গাড়ি আটক করল বুদবুদ থানার পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে প্রায় ১০০ টন কয়লা। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন খারিজ করে দেন।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে আসানসোল-দুর্গাপুর কমিশনারেট এলাকায় অবৈধ কয়লা, বালি চোরাচালানে ধরপাকড় শুরু হয়েছে। সেইমতো বিভিন্ন সড়কে চলছে কড়া নাকা চেকিং। তার ওপর রবিবার দুর্গাপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বিভিন্ন সড়কের ওপর আটোসাঁটো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে কমিশনারেট পুলিশ। শুক্রবার রাতে ১৯ নং জাতীয় সড়কের ওপর পুলিশের তল্লাশি অভিযান চলছিল। ওই সময় ঝাড়খন্ড থেকে কলকাতার দিকে যাওয়া ৩ টি কয়লা বোঝাই লরি আটক করে বুদবুদ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় কয়লা পরিবহনের নথি দেখাতে না পারায় গাড়িগুলি আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১০০ টন কয়লা। ৩ চালককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত ওই লরিগুলির চালকদের নাম সারিফ আনসারি, গজাধর যাদব। ওই দু’জনের বাড়ি ঝাড়খণ্ডে। এবং অপর একজন সন্তোষ সিং সে থাকে আসানসোলের বারাবনিতে। শনিবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

