আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ মে: অর্জুন সিং দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তার দল ত্যাগ করতেই বিজেপিতে ভাঙন ধরতে পারে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে।
শুক্রবার অর্জুন সিং পৌঁছে গেলেন ভোট পরবর্তী হিংসায় মৃত শোভা রানী মণ্ডলের বাড়িতে। মৃত শোভা রানী মণ্ডল ছিলেন বিজেপি কর্মীর মা আর অভিযোগ ছিল যে ভোটের ফল প্রকাশের পর তার ছেলেকে তৃণমূলের দুষ্কৃতীরা মারতে আসলে তাকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণ যায় শোভা রানী দেবীর। তারপর অর্জুন সিং সহ বিজেপি নেতারা এর প্রতিবাদ জানায়। এই মামলার তদন্ত শুরু করে সিবিআই। তবে অর্জুন সিং’য়ের দলত্যাগ করার পর সেই বিজেপি কর্মীর বাড়ি যাওয়ায় জল্পনা উঠেছে যে ওই শোভা রানীর পরিবার এবার তৃণমূলে আসতে চলেছেন। আগামী ৩০ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তারা তৃণমূলে যোগ দিতে পারেন।
এদিন শোভারানীর পরিবারের সদস্য বলেন, “আমার শ্বাশুড়ি মারা যাওয়ার পর অর্জুন সিং আমাদের পাশে ছিলেন সব সময়। বিজেপির আর কেউ সেই ভাবে খোঁজ নেয়নি আমাদের। একবার জেপি নাড্ডা এসেছিলেন ব্যাস ওই পর্যন্ত। তাই অর্জুন দা যেদিকে, আমরা সেদিকে থাকবো।”
এদিন শোভারানি মণ্ডলের পুত্র বধূ সুমিত্রা মণ্ডল আরো বলেন, যে তার ছেলে সেই ঘটনার পর আজ বাড়ি ছাড়া। তাদের এখনো হুমকি দেওয়া হচ্ছে কিন্তু অর্জুন সিং ছাড়া কেউ এগুলো সামাল দিচ্ছে না। সুতরাং বিজেপির শহিদ পরিবার যে অর্জুন সিংয়ের তৃণমূলে যাওয়াতে তাদেরও ওই দলে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে সেটাই উঠে আসছে তার বক্তব্যে।

