প্রার্থী পছন্দ না হওয়ায় রাতভর দফায় দফায় আগুন জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে, বিক্ষোভ নদিয়ার একাধিক জায়গায়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ ফেব্রুয়ারি: প্রার্থী পছন্দ না হওয়ায়, রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাতভর বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের। প্রার্থী ঘোষণা হওয়ার পরে নদিয়া জেলার একাধিক জায়গায় দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মীরা।

গতকাল রাতে নদিয়ার শান্তিপুরের ২১ নম্বর ওয়ার্ডের রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। শান্তিপুরের তৃণমূল কংগ্রেসের একাংশের দাবি, যারা কোনওদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল না, যাদের মানুষ চেনে না তাদের প্রার্থী করা হয়েছে। শান্তিপুরের এক আইএনটিটিইউসি নেতা বলেন, ২১ নম্বর ওয়ার্ডে শান্তিপুর পৌরসভার প্রার্থী হয়েছে উৎপল সাহা। কিন্তু এই উৎপল সাহাকে মানুষ চেনেন না। ২১ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন বিপ্লব বিশ্বাসের নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস করছি। কিন্তু তাঁকে প্রার্থী করা হয়নি। অবিলম্বে এই প্রার্থী তালিকা থেকে উৎপল সাহা নাম বাদ দিয়ে বিপ্লব বিশ্বাসের নাম দিতে হবে। এর প্রতিবাদে রাতভর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা।

অন্যদিকে তাহেরপুর পৌরসভার একাধিক ওয়ার্ডের প্রার্থী পছন্দ না হওয়ায় তাহেরপুর রাজ্য সড়ক অবরোধ করে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাদের দাবি বেশকিছু ওয়ার্ডের প্রার্থী তালিকা বাতিল করে যারা যোগ্য তৃণমূল কর্মী তাদের প্রার্থী করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *