জে মাহাতো, মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর:
মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার নির্দেশে শহরের দ্বারিবাঁধ খাল সংস্কারের কাজ শুরু হয়েছেl পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের উদ্যোগে জোর কদমে চলছে সংস্কারের কাজ। চেয়ারম্যান জানিয়েছেন, মেদিনীপুর শহর দূষণমুক্ত করতে এবং শহরবাসীকে জলমগ্ন হওয়া থেকে রক্ষা করতে বিধায়ক জুন মালিয়া দ্রুত খাল সংস্কারের নির্দেশ দেনl সেইমতো চার দিন ধরে চলছে খাল সংস্কার। পাশাপাশি একটি বিকল্প খাল তৈরীরও উদ্যোগ নেওয়া হচ্ছেl
ব্রিটিশ আমল থেকে মেদিনীপুর শহরের একমাত্র নিকাশি নালা হিসেবে দ্বারিবাঁধ খাল দিয়ে শহরের জমা জল ও আবর্জনা শহরের বাইরে বের করে দেওয়া হয়l খালটি ক্রমশ মজে সংকীর্ণ হয়ে যাওয়ায় ভারী বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে মেদিনীপুর শহরl তাই খাল সংস্কারের পাশাপাশি নতুন একটি নিকাশি খাল তৈরীর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেনl তিনি বলেন, দ্বারিবাঁধ খালটি সংস্কার এবং বিকল্প একটি খাল তৈরি হলে বিবেকানন্দ পল্লী, গিরিধারী চক ও রামকৃষ্ণ নগর সহ শহরের বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা বিশেষ উপকৃত হবেনl

