Cooperatives, Bankura, আন্তর্জাতিক সমবায় দিবসে সমবায় বাঁচানোর ডাক

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ জুলাই: আন্তর্জাতিক সমবায় দিবসে জেলার সমবায় গুলিকে বাঁচানোর ডাক দিল পশ্চিমবঙ্গ সমবায় মঞ্চ। মঞ্চের বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে সমবায় দিবস দিনটি উদযাপিত হয় বাঁকুড়া পৌরসভার গেটের সামনে। সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের জেলা সভাপতি অসিত শর্মা। যখন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীতিগুলি সমবায় ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দিতে চাইছে বলে অভিযোগ, তখন সমবায় ব্যবস্থাকে টিকিয়ে রাখা এবং তাকে শক্তিশালী করা আন্তর্জাতিক সমবায় দিবসের প্রেক্ষাপটে কেন জরুরি তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য প্রতীপ মুখার্জি। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য তথা জেলা সম্পাদক তরুণ রাজ, রাজ্য কমিটির সদস্য ভাস্কর সিংহ, জেলা নেতা উদয় অধূর্য্য, বিশ্বজিত সিনহা, অশোক ব্যানার্জি, শ্যামল মুখার্জি, নিমাই প্রতিহার, লক্ষ্মণ মন্ডল, রুবি চ্যাটার্জি, অমল ব্যানার্জি, ইনামুল হক মন্ডল, ভৈরব রায় প্রমুখ।

এই উদযাপন কর্মসূচির পরে পরেই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আশুনির্বাচনের মাধ্যমে প্রকৃত সমবায়ীদের হাতেই সমবায়গুলির পরিচালনার দায়িত্বভার তুলে দেওয়া এবং সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাঙ্ক-সহ জেলার বিভিন্ন সমবায়গুলি থেকে লুঠ হওয়া কোটি কোটি টাকা উদ্ধার ও লুঠের সঙ্গে যুক্তদের শাস্তি প্রদান-সহ ১১দফা দাবিতে বাঁকুড়া পৌরসভার গেটের থেকেই সমবায়ীদের একটি মিছিল মাচানতলা চত্বর পরিক্রমা করে সমবেত হয়ে বাঁকুড়া সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাঙ্কে উপস্থিত হয়।

সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাঙ্কের প্রধান শাখা সহ কোতুলপুরের রামডিহা, চারকোল, মদনমোহন পুর, জয়পুরের জগন্নাথপুর, সারেঙ্গার আগয়া শাখা সহ বিভিন্ন শাখায় কোটি কোটি টাকা লোপাটের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে সিইও’র কাছে স্মারকলিপি পেশ করেন। দীর্ঘ ১৫ বছর পর এক সৌহার্দপূর্ণ পরিবেশে আলাপ আলোচনায় সিইও প্রতিটি দাবির যৌক্তিকতা স্বীকার করে নেন এবং কিছুটা সময় লাগলেও এগুলি পূরণে যথাযথ পদক্ষেপ করার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *