Jyotsna Mandi, TMC, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির বিধায়ক কার্যালয় থেকে বিপুল ত্রাণ সামগ্রী উদ্ধার, তদন্তের দাবি বিজেপির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ জুলাই: আজ খাতড়ায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির বিধায়ক কার্যালয় থেকে বিপুল ত্রাণ সামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, আজ বিজেপি কর্মী ও স্থানীয় অধিবাসীরা জ্যোৎস্না মাণ্ডির কার্যালয়ের দরজা ভেঙ্গে ত্রিপল, কম্বল, শাড়ি, সাইকেল সহ সরকারি সামগ্রী দেখতে পান। এগুলি দীর্ঘদিন ধরে বিতরণ না করে মজুত রাখা হয়েছিল। ফলে অনেক সামগ্রী উঁই পোকায় নষ্ট হয়েছে।

বিজেপির অভিযোগ, বর্ষায় গরিব মানুষরা ত্রিপলের জন্য হাহাকার করলেও তা বিতরণ না করে মজুত রাখা হয়। লাঠি- তরোয়ালও মজুত রয়েছে বলে তারা অভিযোগ করেছেন। উদ্ধার হওয়া সামগ্রী ব্লক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

যদিও প্রাক্তন মন্ত্রীর কোনো প্রতিক্রিয়া মেলেনি। এদিন দুপুরে আচমকাই বিজেপির কিছু কর্মী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ বিধায়ক কার্যালয়ের দরজায় থাকা তালা ভেঙ্গে ভিতরে ঢোকেন। তাঁদের দাবি ওই কার্যালয়ে থরে থরে সাজিয়ে রাখা ছিল ত্রাণের অসংখ্য ত্রিপল, কম্বল, শিশুদের জামা- কাপড়, বিশেষভাবে চাহিদা সম্পন্নদের দেওয়ার জন্য ট্রাই সাইকেল সহ বিভিন্ন সরকারি সামগ্রী। দীর্ঘদিন ধরে ডাঁই করে রাখা থাকায় কম্বল, ত্রিপল ও পোশাকগুলির একাংশ নষ্ট হয়ে গিয়েছে উঁই পোকার দাপটে। কার্যালয় থেকে লাঠি, রড, তলোয়ার-সহ বেশ কিছু অস্ত্রশস্ত্রও মিলেছে বলে অভিযোগ।

বিজেপি কর্মীদের দাবি, এলাকার অনেক গরিব মানুষই বিভিন্ন সময়ে অত্যন্ত দরকারে একটা ত্রিপল বা কম্বল চেয়েও পায়নি। স্থানীয়দের অভিযোগ, সরকার বদল না হলে বিরোধীদের আক্রমণের উদ্যেশ্যেই দলীয় কার্যালয়ে রড, লাঠি ও তলোয়ার মজুত করে রেখেছিলেন প্রাক্তন মন্ত্রী। গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *