কাবুল দখলের পরেই ভারতের সাথে আমদানি রপ্তানি বন্ধ করেছে তালিবানরা, বড় ক্ষতির আশঙ্কা

আমাদের ভারত, ১৯ আগস্ট:আফগানিস্তানের তালিবান সরকারকে এখনো পর্যন্ত স্বীকৃতি দেয়নি ভারত সরকার। সেখানে থাকা ভারতীয় নাগরিক তথা দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে একাধিক বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। এরমধ্যে খবর মিলেছে তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানি বন্ধ হয়েছে। তালিবানরা কাবুল দখলের পরেই পাকিস্তানের উপর দিয়ে আফগানিস্তানের পণ্য পরিবহনের রাস্তাগুলি বন্ধ করে দিয়েছে। আর এর ফলেই আফগানিস্তানের সঙ্গে ভারতের পণ্য আমদানি-রপ্তানির কাজ বন্ধ হয়ে গিয়েছে।

ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডায়রেক্টর জেনারেল অজয় সহায় জানিয়েছেন, “পাকিস্তানের যে পথ দিয়ে আফগানিস্তানে পণ্য পরিবহন হতো তা বন্ধ করে দিয়েছে তালিবানরা। ২০২১ সালে আফগানিস্তান ও ভারতের রপ্তানির অংক ছিল ৮৩.৫ কোটি মার্কিন ডলার। ৫১ কোটি মার্কিন ডলারের পণ্য আমরা আমদানি করি আফগানিস্তান থেকে। সব মিলিয়ে প্রায় ১৩৫ কোটি মার্কিন ডলারের পণ্য বছরে আমদানি রপ্তানি হয় ভারত ও আফগানিস্তানের মধ্যে। এই বিপুল পরিমাণ বাণিজ্য বন্ধ হওয়ায় দু’দেশের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।”আফগানিস্তানে চিনি,সার, চা-কফি মশলা রপ্তানি করে ভারত। অন্যদিকে আফগানিস্তান থেকে মূলত ড্রাই ফ্রুটস ও পেঁয়াজ আমদানি করে ভারত।

কাবুল দখলের পর তালিবান মুখপাত্র ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বললেও বাস্তবে যে সেটা হচ্ছে না সেটা এই বানিজ্য বন্ধ করার ঘটনাতেই স্পষ্ট।

ভারত সরকারও আফগানিস্তান নিয়ে জল মাপছে। এখনই কোনো বড় সিদ্ধান্তের কথা জানায়নি ভারত। কেন্দ্র সরকারের প্রাথমিক এবং প্রধান লক্ষ্য আফগানিস্তান থেকে ভারতের নাগরিকদের দেশে ফিরিয়ে আনা। আফগান হিন্দু ও শিখদের ভারতে আশ্রয় দেওয়া হবে বলেও জানিয়েছেন মোদী। একইসঙ্গে বিপদে পড়া আফগান ভাই-বোনদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছে ভারত সরকার। কাবুল সহ বিমানবন্দরের বাইরের দিকটা পুরোপুরি তালিবানের দখলে থাকায় ভারতীয় নাগরিকদের ফেরানোর কাজ কঠিন হয়ে যাচ্ছে। তার জন্য ব্যাক চ্যানেলে তালিবানদের সঙ্গে কথাবার্তা শুরু করেছে বিদেশমন্ত্রক বলে শোনা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *