হাতে গোনা যাত্রী নিয়ে বাস চলাচল পুরুলিয়ায়, এমনটা চললে বাস তুলে নেওয়ার হুঁশিয়ারি মালিকদের

সাথী দাস, পুরুলিয়া, ১ জুলাই: প্রথম দিনেই যাত্রী সংখ্যা কম থাকায় লোকসানের মুখে পড়লেন পুরুলিয়ার বাস মালিকরা। জেলার পঞ্চাশটি রুটে কিছু সংখ্যক বাস রাস্তায় নামলেও দেখা যায়নি যাত্রীদের। পুরুলিয়া জেলা সদরে বাস স্ট্যান্ড থেকে জেলার বিভিন্ন রুটে কয়েকটি যাত্রী নিয়েই গন্তব্য স্থলের দিকে রওনা দিতে দেখা গিয়েছে আজ। এমনটা চলতে থাকলে এবং ভাড়া না বাড়ালে বাস তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বাস মালিকরা। তবে, তার আগে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে বাস শিল্প নিয়ে চিন্তা ভাবনা করার আর্জি জানান তাঁরা।

পুরুলিয়া বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রতিভারঞ্জন সেনগুপ্ত বলেন, “প্রশাসনের সঙ্গে সহযোগীতা করে চলেছি। তবুও ২০১৭ সালের পর থেকে বাস ভাড়া বাড়ে নি। অথচ, সেই সময় ডিজেল লিটার পিছু ৫৫ টাকা ছিল। আজ তার দাম প্রায় ৯৫ টাকায় দাঁড়িয়েছে। উল্টে বিমা সহ নানারকম খরচ বেড়েছে। এই অবস্থায় এই শিল্প রুগ্ন হয়ে পড়েছে। এমনটা চলতে থাকলে বাস চলাচল বন্ধ করে দিতে হবে।”

করোনা আবহের দ্বিতীয় ঢেউ কিছুটা কাটার পরই সচল হল সড়ক পরিবহন। ট্রেন চলাচল শুরু হয়নি এখনও। এই অবস্থায় আন্ত:রাজ্য যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে শুরু হয়েছে বাস চলাচল। প্রথম দিন রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে আজ থেকে বাস রাস্তায় নামিয়েছেন পুরুলিয়ার বাস মালিকরা। এই দুর্দিনে পুরুলিয়াবাসীর কথা ভেবে মানবিক হয়েছেন তাঁরা। এমনটাই দাবি বাস মালিকদের। এছাড়া তাঁরা জানান পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করলে ক্ষতির মুখে পড়বেন তাঁরা।

পুরুলিয়া জেলায় সড়ক পরিবহন এখনও বেসরকারি বাসের উপরই নির্ভরশীল। পর্যাপ্ত সরকারি বাস না থাকায় এই অবস্থায় সড়ক পরিবহন সঙ্কটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *